চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে এবার আরও সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিল ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক কিয়েভ সফরের সময় ইউক্রেনের নেতৃত্বের কাছে ভারতের তিন দফা যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরা হয় বলে একাধিক প্রতিবেদনে জানা গিয়েছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা প্রস্তাবটিকে চারটি উদ্যোগের মধ্যে সবচেয়ে বিস্তৃত বলে উল্লেখ করেছেন।
প্রস্তাবের প্রথম দফায় রাশিয়া ও ইউক্রেনের গুরুত্বপূর্ণ পরিকাঠামো, বিশেষ করে জ্বালানি পরিকাঠামোয় হামলা বন্ধের কথা বলা হয়েছে। দ্বিতীয় দফায় কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে শস্য ও জ্বালানির সরবরাহ অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। তৃতীয় দফায় কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজের উপর হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে।
ভারতের প্রস্তাবের লক্ষ্য যুদ্ধের সামগ্রিক সমাধানের পাশাপাশি সাধারণ মানুষের জীবন, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা এবং সামুদ্রিক বাণিজ্যের উপর সংঘাতের প্রভাব কমানো। ইউক্রেন জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন প্রস্তাব বিবেচনা করতে তারা প্রস্তুত, তবে জ্বালানি ও বন্দর পরিকাঠামো এবং কৃষ্ণ সাগরের পরিস্থিতিও যে কোনও সমঝোতার অংশ হওয়া উচিত।
এদিকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষের সঙ্গেই ভারত আলোচনা চালাচ্ছে। বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা, কৃষ্ণ সাগর দিয়ে শস্য ও জ্বালানি সরবরাহ এবং হামলা এড়ানোর সম্ভাবনা নিয়েও কথাবার্তা হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







