রাষ্ট্রসংঘের সাধারণসভার ষষ্ঠ কমিটির অধিবেশনে পাকিস্তান ও ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির মন্তব্যের জবাব দিল ভারত। ভারতের হয়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, পাকিস্তান থেকে আসা সীমান্ত-পারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নাগরিকদের রক্ষা করার অধিকার ভারতের রয়েছে। সন্ত্রাসে যুক্তদের পরিণতি ভুগতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ওআইসির বক্তব্যের জবাব দিতে গিয়ে বিপ্লব দেব অভিযোগ করেন, তারা তথ্য ও কল্পকাহিনির মধ্যে এবং ভুক্তভোগী ও অপরাধীর মধ্যে পার্থক্য করতে পারছে না। জম্মু-কাশ্মীর এবং পাকিস্তান ও পাক-অধিকৃত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী ভারতের পদক্ষেপ নিয়েও ওআইসির বক্তব্যের বিরোধিতা করেন তিনি।
বিপ্লব দেব আরও বলেন, সন্ত্রাসবাদকে ‘ভাল’ বা ‘খারাপ’—এই দুই ভাগে দেখা যায় না। যে কোনও পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের ইচ্ছাকৃতভাবে নিশানা করা ন্যায্য নয়। পাশাপাশি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় ‘কমপ্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম’ বা CCIT দ্রুত গ্রহণের পক্ষেও ভারতের অবস্থান তুলে ধরেন তিনি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







