best news portal development company in india

২০৫টি বিএড কলেজে ভর্তি বন্ধ, রাজ্যের বড় সিদ্ধান্তে বিপাকে প্রতিষ্ঠানগুলি

SHARE:

রাজ্যে ২০৫টি বিএড কলেজে পড়ুয়া ভর্তি বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের মান ও বৈধতা নিয়ে একাধিক অভিযোগের পর এই পদক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ২০২৬-২৮ শিক্ষাবর্ষে এই কলেজগুলিতে কোনও পড়ুয়াকে ভর্তি করা যাবে না। পাশাপাশি ১৪টি আইটিআই, ৩৮টি ফার্মা কলেজ এবং একটি পলিটেকনিক কলেজেও ছাত্র ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক বিএড কলেজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। কলেজগুলির পরিকাঠামো, শিক্ষার মান এবং বৈধতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হচ্ছিল। এবার সরাসরি ভর্তি বন্ধের নির্দেশিকা জারি করল রাজ্য।

৪৫০টিরও বেশি বিএড কলেজকে শো-কজ

রাজ্যের বিএড কলেজগুলিতে শিক্ষার নামে অরাজকতা চলছে বলে আগেই সরব হয়েছিলেন শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিলেন।

এরপর রাজ্যের প্রায় ৪৫০টিরও বেশি বিএড কলেজকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা কলেজগুলিতে পরিদর্শনও করেন। দুই দফায় এই পরিদর্শন চালানো হয়েছিল বলে জানিয়েছেন মন্ত্রী।

মান উন্নয়নের সুযোগ থাকছে

উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিএড, আইটিআই, পলিটেকনিক এবং ফার্মা কলেজগুলির পরিকাঠামো ও মান খতিয়ে দেখা হয়েছে। তবে তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে স্থায়ীভাবে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

কলেজগুলি নিজেদের মান উন্নয়নের বিষয়টি প্রমাণ করতে পারলে পরের শিক্ষাবর্ষে ফের অনুমতি পাওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ, নির্ধারিত মান পূরণ করতে পারলে প্রতিষ্ঠানগুলি আবার ছাত্র ভর্তির অনুমতি পেতে পারে।

শিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়ে প্রশ্ন

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিএড, আইটিআই এবং ফার্মা শিক্ষার সঙ্গে যুক্ত পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

তবে ভর্তি বন্ধের নির্দেশ কার্যকর করার পাশাপাশি সংশ্লিষ্ট কলেজগুলির মান উন্নয়নের বিষয়টিও গুরুত্বপূর্ণ। আগামী দিনে পরিদর্শন ও মূল্যায়নের পর কোন কোন প্রতিষ্ঠান ফের অনুমতি পায়, এখন সেদিকেই নজর।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *