সলমন খানের জনপ্রিয়তা এবার রুপোলি পর্দা পেরিয়ে পৌঁছে যাচ্ছে রিয়েল এস্টেটেও। চণ্ডীগড়ে বলিউডের এই তারকার নামে একটি বিলাসবহুল আবাসন প্রকল্প তৈরির গুঞ্জন ঘিরে শুরু হয়েছে চর্চা। জানা যাচ্ছে, প্রজেক্টের জন্য ‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সলমন টাওয়ার্স’ এবং ‘সলমন খান টাওয়ার্স’—এই তিনটি নাম নথিভুক্ত করা হয়েছে। তবে চূড়ান্ত নাম এখনও ঠিক হয়নি।
এই প্রকল্পের নেপথ্যে রয়েছে একটি স্থানীয় এবং একটি আন্তর্জাতিক আবাসন নির্মাণ সংস্থা। বৃহস্পতিবার মুম্বইয়ে অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে খবর। সেখানে সলমন খানের উপস্থিতিতে প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে বলেও জানা যাচ্ছে।
এদিকে দীর্ঘদিন ধরে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই পরিবারের সঙ্গে থাকেন সলমন। সম্প্রতি বান্দ্রার চিমবাই এলাকায় সমুদ্রের মুখোমুখি ছ’তলা একটি আবাসিক ভবন তৈরির অনুমতিও পেয়েছে খান পরিবার। সম্পত্তিটি সলমনের মা সালমা খানের নামে। তবে নতুন বাড়ি তৈরি হলে সলমন ও তাঁর পরিবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়বেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







