রাজ্যে নতুন শিল্পনীতিতে একাধিক আর্থিক সুবিধার ঘোষণা করল শুভেন্দু সরকার। বিদ্যুৎ শুল্ক, রাজ্য জিএসটি, ইপিএফ এবং ঋণের সুদে ছাড় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় নতুন শিল্পনীতি প্রকাশ করেন। শিল্পপতিদের বিনিয়োগে উৎসাহ দিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। এখন দেখার, এই নতুন শিল্পনীতির হাত ধরে রাজ্যে সত্যিই শিল্পের জোয়ার আসে কি না।
বিদ্যুৎ শুল্ক ও করের ক্ষেত্রে ছাড়
নতুন শিল্পনীতিতে উৎপাদনকারী এবং পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে পাঁচ বছর পর্যন্ত বিদ্যুৎ শুল্কে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য জিএসটি বা এসজিএসটির ক্ষেত্রেও আর্থিক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
লিজ নেওয়া জমি বা জায়গার ভাড়ার ক্ষেত্রেও সরকার আর্থিক সহায়তা করবে। এছাড়া কর্মীদের ইপিএফ জমার ক্ষেত্রেও রাজ্যের তরফে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে নতুন শিল্প স্থাপন এবং পুরনো শিল্পের সম্প্রসারণে সংস্থাগুলি সুবিধা পেতে পারে।
এমএসএমই ও পিছিয়ে থাকা এলাকায় বিশেষ সুবিধা
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা এমএসএমই ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন শিল্পনীতিতে ঋণের সুদে ছাড় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আর্থিক সহায়তার কথা বলা হয়েছে।
যে সমস্ত মহকুমায় শিল্পের বিকাশ তুলনামূলকভাবে কম হয়েছে, সেখানে নতুন শিল্প স্থাপনে বেশি সাহায্য করবে সরকার। এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্পের বিস্তার ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
বড় প্রকল্পে কর্মসংস্থান ও পরিকাঠামোয় সহায়তা
মেগা শিল্প প্রকল্পের ক্ষেত্রে কর্মসংস্থানের নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। প্রতি একর জমিতে অন্তত ৫০টি কর্মসংস্থান তৈরি করতে হবে। অন্যদিকে, বড় শিল্প প্রকল্পের জন্য রাস্তা, জল এবং বিদ্যুৎ সংযোগের মতো পরিকাঠামো তৈরিতে সহায়তা করবে রাজ্য সরকার।
হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগে বিশেষ সুবিধা
নতুন নীতিতে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও বিশেষ সুবিধার কথা রয়েছে। অলাভজনক সংস্থা অথবা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের মাধ্যমে পরিচালিত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়কে রাজ্যে অন্তত ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। বিনিময়ে তাদের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক মকুবের সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সব মিলিয়ে নতুন শিল্পনীতিতে একাধিক ক্ষেত্রে বিনিয়োগকারীদের উৎসাহিত করার চেষ্টা করেছে রাজ্য সরকার। তবে ঘোষিত সুবিধাগুলি কত দ্রুত বাস্তবায়িত হয় এবং তার ফলে কতটা নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরি হয়, সেটাই এখন দেখার।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






