নয়ের দশকের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘জন্মভূমি’র ‘পিসিমা’ চরিত্রে অভিনয় করে বাঙালির ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছিলেন মিতা চট্টোপাধ্যায়। শুধু ছোটপর্দা নয়, বাংলা সিনেমা ও মঞ্চেও দীর্ঘদিন দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। একসময় মহানায়ক উত্তম কুমারেরও অত্যন্ত প্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিতি ছিল তাঁর।
তবে একটা সময়ের পর হঠাৎই অভিনয় জগতের আড়ালে চলে যান মিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্ণময় জীবন ও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার নানা অজানা কথা জানিয়েছেন তিনি। তাঁর আসল নাম ছিল নমিতা চট্টোপাধ্যায়। ‘নীল শাড়ি’ ছবিতে কাজের সময় একই নামের একাধিক অভিনেত্রী থাকায় তৈরি হয়েছিল বিভ্রান্তি। সেই সময় সহ-অভিনেতা অনুপ কুমারের মজার পরামর্শ থেকেই ‘নমিতা’ থেকে তাঁর নাম হয়ে যায় ‘মিতা’।
‘জন্মভূমি’তে প্রথমে মাত্র ছ’দিনের কাজের জন্য নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ‘পিসিমা’ চরিত্রটি দর্শকদের এতটাই পছন্দ হয় যে শেষ পর্যন্ত প্রায় সাড়ে সাত বছর ধারাবাহিকটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পর্দার সেই চরিত্রই তাঁকে বাঙালির কাছে চিরপরিচিত করে তোলে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







