অবশেষে রফাসূত্রে স্থগিত হল ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের প্রস্তাবিত দেশব্যাপী ব্যাংক ধর্মঘট। রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন বা IBA এবং ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস বা UFBU-র বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। ফলে আপাতত স্বাভাবিক নিয়মেই ব্যাংকের কাজ চলবে।
দীর্ঘদিন ধরেই সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা রাখা এবং সমস্ত শনিবার ছুটির দাবিতে আন্দোলন চালাচ্ছিল ব্যাংক কর্মী সংগঠনগুলি। এই দাবিতে ১১ সেপ্টেম্বর একদিনের দেশব্যাপী ধর্মঘটের পর ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। ২৬ সেপ্টেম্বর চতুর্থ শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার হওয়ায় টানা পাঁচ দিন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
পরিস্থিতি সামাল দিতে গ্রাহকদের সুবিধার জন্য ২৭ সেপ্টেম্বর রবিবার রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও রিজিওনাল রুরাল ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। RBI-ও ওই দিন ব্যাংক শাখা, অফিস, এটিএম-লিঙ্কড শাখা এবং কারেন্সি চেস্ট চালু রাখার অনুমোদন দিয়েছিল।
রবিবারের বৈঠকে সমস্ত শনিবার ছুটির দাবিতে IBA ও UFBU-র প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে গ্রাহকদের সুবিধা বজায় রেখে সম্ভাব্য সমাধান খুঁজবে। তবে পাঁচ দিনের কর্মসপ্তাহ এখনও কার্যকর হয়নি—দাবিটি নিয়ে আলোচনা চলবে।
ধর্মঘট স্থগিত হওয়ায় সোমবার, ২৮ সেপ্টেম্বর থেকে ব্যাংক পরিষেবা স্বাভাবিক থাকার কথা। তবে ভবিষ্যতে দাবিগুলি নিয়ে আলোচনার অগ্রগতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে UFBU।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







