পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর প্রথমবার রাজ্যে এসে দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। রবিবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একাধিক সাংগঠনিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, দলে দুর্নীতি, তোলাবাজি, দাদাগিরি বা সিন্ডিকেট রাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এই ধরনের কাজে কেউ যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
দলীয় বৈঠকে ‘বেনোজল’ নিয়েও সতর্ক করেন নীতীন। তাঁর বার্তা, শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য এমন কাউকে দলে নেওয়া উচিত নয়, যাঁদের সঙ্গে বিজেপির নীতি ও আদর্শের সামঞ্জস্য নেই। একইসঙ্গে ক্ষমতায় আসার পর নেতা-কর্মীদের আচরণে ঔদ্ধত্য যেন না আসে, সে বিষয়েও সতর্ক করেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে নম্রভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের উপরও জোর দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিধায়ক, সাংসদ এবং সাংগঠনিক নেতৃত্বের মধ্যে দূরত্ব বা সমান্তরাল ক্ষমতাকেন্দ্র তৈরি না করার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দল ও সরকারের মধ্যেও আরও ঘনিষ্ঠ সমন্বয়ের নির্দেশ দিয়েছেন তিনি।
নতুন রাজ্য কমিটি গঠনের পর এটাই নীতীন নবীনের প্রথম বঙ্গ সফর। বৈঠকে রাজ্য পদাধিকারী, জেলা নেতৃত্ব, বিভিন্ন মোর্চার সভাপতি, সাংসদ, বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে সংগঠনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল-সহ দলের শীর্ষ নেতৃত্ব।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







