বাংলা সিনেমার ইতিহাসে উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটি আজও দর্শকদের কাছে বিশেষভাবে স্মরণীয়। আর উত্তম কুমারের ব্যক্তিগত জীবনে সুপ্রিয়া দেবীর সঙ্গে সম্পর্ক নিয়েও ছিল দীর্ঘদিনের আলোচনা। এই দুই সমীকরণকে ঘিরে টলিউডে নানা গুঞ্জন থাকলেও, সুচিত্রা সেন ও সুপ্রিয়া দেবীর সম্পর্কের বাস্তব চিত্র ছিল অনেকটাই আলাদা বলে জানিয়েছিলেন খোদ সুপ্রিয়া দেবী।
সুচিত্রা সেনকে নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা ধরনের কথা শুনেছিলেন সুপ্রিয়া। তাঁর কথায়, সুচিত্রাকে নাকি অত্যন্ত গম্ভীর এবং অহংকারী বলে মনে করা হত। ফলে প্রথমদিকে মহানায়িকার সঙ্গে আলাপ করার ইচ্ছা থাকলেও কিছুটা দ্বিধায় ছিলেন তিনি। তবে পরবর্তীতে সেই ধারণা বদলে যায়।
সুপ্রিয়ার স্মৃতিচারণ অনুযায়ী, ১৯৫৪ সালে ‘অগ্নিপরীক্ষা’ দেখতে গিয়ে সুচিত্রার সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা আরও বেড়ে যায়। পরে পরিচালক নির্মল দে-র উদ্যোগে এমপি স্টুডিওতে তাঁদের প্রথম আলাপ হয়। সেদিন সুচিত্রার সৌন্দর্যের পাশাপাশি তাঁর ব্যক্তিত্বও সুপ্রিয়াকে আকৃষ্ট করেছিল বলে জানিয়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
ময়রা স্ট্রিটের বাড়িতে উত্তম কুমারের উপস্থিতিতে সুচিত্রা সেনের সঙ্গে আড্ডার স্মৃতিও সুপ্রিয়া দেবীর কাছে ছিল বিশেষ। তিনি সুচিত্রাকে ‘রমাদি’ বলে ডাকতেন। উত্তম কুমারকে একদিন নাকি বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে তাঁদের নিয়ে যত কথাই হোক, সুচিত্রাকে বাস্তবে তেমন মনে হয়নি তাঁর। বরং উত্তম-সুচিত্রার বন্ধুত্ব দেখে তাঁর ভালোই লাগত। ফলে পর্দার জনপ্রিয় জুটিকে ঘিরে নানা গুঞ্জনের আড়ালে থাকা এই বন্ধুত্বের গল্প আজও বাংলা চলচ্চিত্রপ্রেমীদের কাছে আগ্রহের বিষয়।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






