best news portal development company in india

দীঘার ঝাউবন ফিরিয়ে আনতে উদ্যোগ, ২৭ কিলোমিটার সৈকত সাজানোর পরিকল্পনা

SHARE:

একসময় দীঘার অন্যতম আকর্ষণ ছিল ঝাউবন। সেই সবুজ সৌন্দর্য ফিরিয়ে আনতে এবার উদ্যোগী রাজ্য সরকার। পাশাপাশি দীঘা-শঙ্করপুরকে নতুনভাবে সাজিয়ে তুলতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার দীঘায় দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দপ্তরে দীর্ঘ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপকূলীয় পর্যটনের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রসঙ্গত, দিঘা-শঙ্করপুরের উন্নয়নের কাজ যখন প্রথম শুরু হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। এবার নতুন পরিকল্পনা নিয়ে উপকূলীয় এলাকার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, উদয়পুর থেকে শুরু করে প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই পরিকল্পনায় পর্যটন, বন, সেচ, পূর্ত, পরিবহণ এবং পরিবেশ দপ্তর একসঙ্গে কাজ করবে। গোপালপুর, মাজিলাপুরের হরিপুর, বগুড়ার জলপাই, দারিয়াপুর এবং পেটুয়া-সহ একাধিক এলাকাকে যুক্ত করা হবে। সেখানে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলিও কম খরচে ভ্রমণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

নতুন পর্যটন কেন্দ্র ও হোম স্টেতে ভর্তুকি

মুখ্যমন্ত্রী জানান, দিঘা থেকে মন্দারমণি, শঙ্করপুর এবং চাঁদপুর-সহ সংলগ্ন উপকূলীয় এলাকায় নতুন পর্যটন কেন্দ্র তৈরি করা হবে। পাশাপাশি হোম স্টে তৈরির ক্ষেত্রেও উৎসাহ দেওয়া হবে। সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

অন্যদিকে, পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য বাস পরিষেবাও চালু করছে রাজ্য সরকার। দিঘা থেকে মন্দারমণি, তাজপুর এবং চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার জন্য এই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে পর্যটকেরা সহজেই একাধিক দর্শনীয় স্থানে যাতায়াত করতে পারবেন।

ঝাউবন ফেরাতে সৈকতজুড়ে ম্যানগ্রোভ

দীঘার পুরনো আকর্ষণগুলির মধ্যে অন্যতম ছিল ঝাউবন। সেই সবুজ পরিবেশ ফিরিয়ে আনতে সৈকতজুড়ে ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উপকূলের সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

তোলাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া অবস্থান

এদিনের বৈঠকে তোলাবাজি ও সিন্ডিকেট নিয়েও আলোচনা হয়। শুভেন্দু অধিকারী দাবি করেন, সরকার বদলের পর দীঘায় তোলাবাজি এবং সিন্ডিকেটরাজ বন্ধ হয়েছে। নতুন করে কেউ দোকান খুলতে চাইলে তাঁকে আবেদন করতে হবে। পাশাপাশি নতুন লজ বা হোটেল তৈরি করতে চাইলেও সরকার সহযোগিতা করবে বলে জানান তিনি।

হোম স্টে তৈরির ক্ষেত্রেও পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকারি সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে দীঘা-শঙ্করপুরকে নতুন পর্যটন মানচিত্রে তুলে ধরতে একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তবে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে উপকূলীয় এলাকার পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *