ইয়েমেনের হাউথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের মধ্যেই দেশের সীমান্তে মোতায়েন সেনাদের উদ্দেশে বার্তা দিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। তাঁর বক্তব্য, হাউথিদের মোকাবিলায় সেনাদের ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকতে হবে এবং প্রয়োজন হলে দেশের সুরক্ষায় আত্মত্যাগের জন্যও প্রস্তুত থাকতে হবে।
সৌদি সংবাদ সংস্থা এসপিএ-তে প্রকাশিত বিবৃতিতে গ্র্যান্ড মুফতি দেশের ভূখণ্ড রক্ষা করাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারের কর্তৃত্ব ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
তাঁর বার্তায় কোরানের আয়াত এবং হজরত মহম্মদের বাণীর উল্লেখ রয়েছে। হাউথিদের পরাজিত না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
গ্র্যান্ড মুফতির এই বক্তব্য এমন সময়ে সামনে এল, যখন গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব ও হাউথিদের মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান হামলাকে কেন্দ্র করে সংঘাত আরও বেড়েছে। এর ফলে ইয়েমেনের পাশাপাশি গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






