কালীপুজোর রাতে যখন উৎসবের আনন্দে মেতে শহরবাসী, তখন কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর লক্ষ্য ছিল, অন্যান্য বছরের তুলনায় শব্দবাজির দাপট কতটা কমেছে, তা নিজের কানে শুনে যাচাই করা। বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার বাজি পোড়ানো নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করেছে। কিন্তু বাস্তবে সেই নিয়ম কতটা মানা হচ্ছে, তা খতিয়ে দেখতেই রাতে অভিযানে নামেন মন্ত্রী।
দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় ঘুরে পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। পুলিশের গাড়িতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান অগ্নিমিত্রা। বিভিন্ন জায়গায় বাজি পোড়ানোর পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি নিয়ম ভাঙার অভিযোগে কয়েকটি জায়গায় কড়া নির্দেশ দিতেও দেখা যায় তাঁকে।
বাজি পোড়ানোর সময় ও শব্দসীমা নির্ধারণ
প্রসঙ্গত, কালীপুজো এবং ছটপুজো উপলক্ষে রাজ্য সরকারের তরফে আগেই একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছিল। নির্দেশ অনুযায়ী, কেবল পরিবেশবান্ধব ‘গ্রিন ক্র্যাকার্স’ ব্যবহারের অনুমতি রয়েছে। শব্দবাজির ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা ১২৫ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বাজির ক্ষেত্রে শব্দসীমা ৯০ ডেসিবেল রাখা হয়েছে।
এছাড়া বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে। কালীপুজোর দিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। অন্যদিকে, ছটপুজোর ক্ষেত্রে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের বাইরে বাজি পোড়ানো নিয়মবিরুদ্ধ।
আবাসন ও সংবেদনশীল এলাকায় বিশেষ বিধিনিষেধ
বহুতল আবাসনগুলিতে বাজি পোড়ানোর সময় ধোঁয়ার মাত্রার দিকেও নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি ফানুস ওড়ানোর ক্ষেত্রে অগ্নিনির্বাপণ দপ্তরের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
অন্যদিকে, হাসপাতাল এবং বৃদ্ধাশ্রমের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম ভাঙলে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্ট করেছে রাজ্য সরকার।
নিয়ম মানা হচ্ছে কি না, নজরদারিতে মন্ত্রী
তবে শুধু নির্দেশিকা জারি করেই দায়িত্ব শেষ করতে চাইছে না প্রশাসন। বাস্তবে কতটা নিয়ম মানা হচ্ছে, তা নিয়েও নজরদারি চলছে। সেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই কালীপুজোর রাতে কলকাতার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান অগ্নিমিত্রা পাল।
শব্দবাজির দাপট কমেছে কি না, তা যাচাইয়ের পাশাপাশি নিয়ম ভাঙার প্রবণতা নিয়েও নজর দেন তিনি। এখন দেখার, প্রশাসনের এই নজরদারিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে কতটা সাফল্য আসে।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






