best news portal development company in india

আইএফএ-র সমস্ত পদ থেকে পদত্যাগ অজিত বন্দ্যোপাধ্যায়ের! নতুন স্পোর্টস কোডের বয়সসীমাই কি কারণ?

SHARE:

পুজোর পরেই আইএফএ-র নির্বাচন। তার আগেই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পদ-সহ সমস্ত প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অজিত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইএফএ অনুমোদিত সমস্ত সংস্থার সদস্যদের উদ্দেশে লেখা পদত্যাগপত্র সচিবের কাছে পাঠিয়েছেন তিনি।

অজিত বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা। তবে তাঁর পদত্যাগপত্রে মূল কারণ হিসেবে উঠে এসেছে নতুন স্পোর্টস কোডের বয়স সংক্রান্ত নিয়ম। ওই নিয়ম অনুযায়ী, ৭০ বছরের বেশি বয়সি ব্যক্তিদের অধীনস্থ ক্রীড়া সংস্থার প্রশাসনিক পদে থাকার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

এই পরিস্থিতিতে নির্বাচনের আগেই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অজিত। তাঁর বক্তব্য, নির্দিষ্ট বয়সসীমা পেরিয়ে যাওয়ার পর পদে থাকার পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সরে দাঁড়ানোই তিনি সমীচীন মনে করেছেন।

দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক বাংলার ফুটবলের সঙ্গে। ষাটের দশকে কালীঘাট মিলন সংঘের সাধারণ সদস্য হিসেবে ময়দানে পথচলা শুরু। সেই দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে আইএফএ-র সভাপতি হওয়াকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।

সভাপতি হিসেবে নিজের সামর্থ্য অনুযায়ী আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন অজিত। পাশাপাশি তাঁর আশা, আগামী প্রজন্মের প্রশাসকেরা বাংলার ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

তবে প্রশ্ন উঠছে, এতদিন পর কেন নির্বাচনের ঠিক আগে পদত্যাগ? অজিতের ব্যাখ্যা, বর্তমানে কলকাতা লিগ চলছে। শনিবারই লিগের লড়াইয়ের শেষ দিন। প্রতিযোগিতা যাতে সুষ্ঠুভাবে শেষ করা যায়, সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত কিছুটা পিছিয়ে দিয়েছিলেন তিনি।

অর্থাৎ, আইএফএ নির্বাচনের আগে অজিত বন্দ্যোপাধ্যায়ের এই সরে দাঁড়ানোয় বাংলার ফুটবল প্রশাসনে শুরু হল নতুন অধ্যায়। এবার নজর, পরবর্তী নির্বাচনে আইএফএ-র নেতৃত্বে কারা আসেন এবং নতুন প্রশাসনের হাত ধরে বাংলার ফুটবল কোন পথে এগোয়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *