best news portal development company in india

রাজস্থানের মাটিতে প্রথমবার পৌরসভা দখল সিপিএমের! নোখায় ৪৫-এর মধ্যে ২৯ আসনে জয়

SHARE:

পশ্চিমবঙ্গে যখন সিপিএমের রাজনৈতিক শক্তি নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠছে, তখন সুদূর রাজস্থানে বড় নির্বাচনী সাফল্য পেল সিপিএম। বিকানের জেলার নোখা নগরপালিকায় সংখ্যাগরিষ্ঠতা দখল করেছে বাম দল। ৪৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টিতেই জয় পেয়েছে সিপিএম। সেখানে বিজেপির দখলে এসেছে ১৩টি ওয়ার্ড।

এই ফলাফলকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে নোখার রাজনৈতিক ইতিহাস। দাবি করা হচ্ছে, রাজস্থানের মাটিতে এই প্রথম কোনও কমিউনিস্ট দল কোনও পৌরসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করল।

নোখার একাধিক ওয়ার্ডে সিপিএমের প্রার্থীরা জয় পেয়েছেন। ৩৫ নম্বর ওয়ার্ডে মুন্নী দেবী, ৩ নম্বরে মঞ্জু দেবী, ৩৯ নম্বরে ওমপ্রকাশ, ৩১ নম্বরে নরেশ, ৪৪ নম্বরে সুনীল কুমার, ২৯ নম্বরে মুন্নী লাল, ৮ নম্বরে জেঠারাম এবং ৪২ নম্বরে বজরংলালের জয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

তবে এই ফলের পিছনে স্থানীয় রাজনৈতিক সমীকরণকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২১ সালের পুরভোটে ৪৫টি ওয়ার্ডের মধ্যে বিজেপি পেয়েছিল ১৫টি আসন। বাকি আসনগুলির বড় অংশে স্থানীয় ‘বিকাশ মঞ্চ’-এর সঙ্গে সমঝোতায় এনসিপি এগিয়ে ছিল।

আর নোখার রাজনীতিতে ‘বিকাশ মঞ্চ’-এর নেতা কানহাইয়ালাল ঝাঁওয়ারের দীর্ঘদিনের প্রভাব রয়েছে। এবার সেই ঝাঁওয়ারের নেতৃত্বাধীন রাজনৈতিক পরিসরের সঙ্গে সমঝোতা করেই সিপিএম নিজেদের সংগঠনকে শক্তিশালী করেছে বলে স্থানীয় রাজনৈতিক মহলের মত।

কানহাইয়ালাল ঝাঁওয়ার ২০০৮ সালে নির্দল প্রার্থী হিসেবে নোখা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। ২০২৩ সালে অবশ্য তিনি পরাজিত হন। এর বহু আগে, ১৯৭৪ সালে প্রথমবার নোখা পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন তিনি। পরবর্তীকালে একাধিকবার পুরপ্রধানের দায়িত্বও সামলেছেন।

এতদিন নোখা নগরপালিকার চেয়ারম্যান ছিলেন তাঁর ছেলে নারায়ণ ঝাঁওয়ার। ফলে স্থানীয় রাজনীতিতে ঝাঁওয়ার পরিবারের প্রভাব যে এখনও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবারের ফলাফলেও তার প্রতিফলন দেখা গেল।

রাজস্থানে সিপিএমের এই সাফল্য এখন জাতীয় রাজনীতিতেও আলোচনার বিষয়। বিশেষ করে স্থানীয় জোট, সংগঠন এবং আঞ্চলিক নেতৃত্বের সমীকরণ কীভাবে নির্বাচনী ফল বদলে দিতে পারে, নোখার ফলাফল সেই প্রশ্নই নতুন করে সামনে আনছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *