best news portal development company in india

বিধানসভায় ডেপুটি স্পিকার নির্বাচন স্থগিত! বিমান ঘোষের নাম ঘিরে শেষ মুহূর্তে জটিলতা

SHARE:

পশ্চিমবঙ্গ বিধানসভায় ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে তৈরি হল নতুন জটিলতা। প্রাথমিকভাবে বিজেপির পছন্দ হিসেবে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষের নাম সামনে এলেও, শেষ মুহূর্তে আচমকাই থমকে গিয়েছে নির্বাচন সংক্রান্ত যাবতীয় তৎপরতা। বিধানসভা সচিবালয়ের একাংশের ধারণা, চলতি বছরেও হয়তো এই নির্বাচন নাও হতে পারে।

বিধানসভা সূত্রের খবর, ডেপুটি স্পিকার পদে বিজেপির তরফে বিমান ঘোষের নাম নিয়ে আগেই আলোচনা হয়েছিল। সেই অনুযায়ী বিজেপির পরিষদীয় দল এবং বিধানসভা সচিবালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু আচমকাই সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

কেন নির্বাচন স্থগিত হল, তার আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও বিজেপির তরফে দেওয়া হয়নি। তবে বিজেপি সূত্রের দাবি, শেষ মুহূর্তে দলেরই একটি মহল থেকে বিমান ঘোষের নাম নিয়ে আপত্তি ওঠে। ফলে আপাতত ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে পরিষদীয় দলের তৎপরতাও থমকে রয়েছে।

এরপরই প্রশ্ন উঠছে—দলের অভ্যন্তরীণ সমীকরণই কি এই পরিস্থিতির জন্য দায়ী? যদিও এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি।

ডেপুটি স্পিকার পদ নিয়ে অবশ্য শুধু পশ্চিমবঙ্গেই নয়, জাতীয় রাজনীতিতেও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। লোকসভায় গত একাধিক বছর ধরে এই পদটি খালি রয়েছে। অন্যদিকে, কয়েকটি রাজ্য বিধানসভাতেও ডেপুটি স্পিকার পদ দীর্ঘ সময় পূরণ না হওয়ার নজির রয়েছে।

ফলে সাংবিধানিকভাবে পদটি থাকলেও তা কবে পূরণ হবে, তা অনেকটাই রাজনৈতিক সমীকরণের উপর নির্ভর করছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিমান ঘোষের নাম শেষ পর্যন্ত বহাল থাকে, নাকি নতুন কোনও নাম সামনে আসে—নজর এখন সেদিকেই।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई