best news portal development company in india

কলকাতার রাস্তার নামকরণে বড় বদলের ভাবনা! লেনিন সরণি কি হবে ‘দেবপ্রসাদ ঘোষ সরণি’?

SHARE:

কলকাতার রাস্তার নামকরণের ইতিহাসে কি এবার আসতে চলেছে বড় পরিবর্তন? শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলের প্রস্তাব ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। বিজেপি নেতা তথা নামবদল সংক্রান্ত কমিটির সদস্য তথাগত রায়ের বক্তব্যে সামনে এসেছে বেশ কিছু সম্ভাব্য নাম।

তথাগত রায়ের দাবি, খুব শীঘ্রই লেনিন সরণির নাম বদলে ‘দেবপ্রসাদ ঘোষ সরণি’ করার প্রস্তাব কমিটির কাছে দেওয়া হতে পারে। দেবপ্রসাদ ঘোষ ছিলেন ভারতীয় জনসংঘের সর্বভারতীয় সভাপতি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর তিনি এই দায়িত্বে ছিলেন।

শুধু লেনিন সরণিই নয়, কলকাতার আরও কয়েকটি রাস্তার নাম বদলের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তথাগত রায়। তাঁর বক্তব্য অনুযায়ী, কার্ল মার্কস সরণির নাম পরিবর্তন করে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অথবা মাইকেল মধুসূদন দত্তের নামে করার প্রস্তাব আসতে পারে। একইভাবে হো-চি-মিন সরণির নাম বদলে মার্টিন লুথার কিংয়ের নামে করার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।

এই নামবদলের উদ্যোগের পেছনে রয়েছে শহরের রাস্তা, সেতু ও অ্যাভিনিউয়ের নামকরণ নিয়ে রাজ্য সরকারের বৃহত্তর পরিকল্পনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, কলকাতার রাস্তার নামকরণে বিদেশি শাসক বা অত্যাচারীদের নাম রাখা হবে না। প্রকৃত দেশভক্তদের নামে নামকরণে তথ্য পাওয়া গেলে রাজ্য সরকার তা বিবেচনা করবে বলেও তাঁর বক্তব্য।

এরপরই বিভিন্ন রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানের নামকরণ বা পুনর্নামকরণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ এবং সদস্যদের মধ্যে রয়েছেন তথাগত রায়।

ফলে লেনিন, মার্কস ও হো-চি-মিনের নামে থাকা রাস্তার ভবিষ্যৎ নাম নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে কোনও নামই এখনও চূড়ান্ত নয়—কমিটির প্রস্তাব এবং পরবর্তী সরকারি সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে কলকাতার রাস্তার নামের এই সম্ভাব্য পরিবর্তন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *