পশ্চিমবঙ্গে কি এবার চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বা UCC? দেশজুড়ে এক আইন ও এক নীতির পক্ষে সওয়াল করে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই বিজেপি শাসিত ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে।
মুম্বইয়ে ‘সেবা সংকল্প অভিযান’-এর অনুষ্ঠানে যোগ দিয়ে UCC প্রসঙ্গে অমিত শাহ বলেন, একাধিক রাজ্যে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে। তাঁর বিশ্বাস, আগামী লোকসভা নির্বাচনের আগেই বিজেপি শাসিত ২১টি রাজ্যে এই আইন কার্যকর হবে। তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গ ও অসমের নামও উঠে এসেছে।
বর্তমানে দেশের বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যে UCC নিয়ে প্রক্রিয়া চলছে। উত্তরাখণ্ডে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়েছে। গুজরাটেও UCC সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। অসমে আইন পাশের পাশাপাশি মধ্যপ্রদেশেও UCC-র খসড়া তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে।
অভিন্ন দেওয়ানি বিধির মূল উদ্দেশ্য হল, ধর্ম বা সম্প্রদায়ভেদে ব্যক্তিগত আইনের পরিবর্তে নির্দিষ্ট নাগরিক বিষয়ে অভিন্ন নিয়ম তৈরি করা। এর আওতায় বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একই ধরনের আইন প্রযোজ্য করার কথা বলা হয়।
তবে UCC নিয়ে রাজনৈতিক বিতর্কও দীর্ঘদিনের। সমর্থকদের দাবি, এর ফলে আইনের ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে বিরোধীদের একাংশের প্রশ্ন, বিভিন্ন সম্প্রদায়ের প্রচলিত রীতি ও ব্যক্তিগত আইনের উপর এর কী প্রভাব পড়বে।
অমিত শাহের এই ঘোষণার পর পশ্চিমবঙ্গেও UCC নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তবে রাজ্যে কবে এবং কীভাবে UCC কার্যকর হবে, তা নির্ভর করবে রাজ্য সরকারের পরবর্তী সিদ্ধান্ত ও আইনগত প্রক্রিয়ার উপর।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







