দ্রুত বদলে যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতির সমীকরণ। আর সেই পরিবর্তনের কেন্দ্রে ফের ভারত। রাজধানী দিল্লিতে মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে BRICS-এর ১৮তম শীর্ষ সম্মেলন। তার আগের দিন, অর্থাৎ ১১ সেপ্টেম্বর, মোদী-পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা।
সূত্রের খবর, এই বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি এবং কৌশলগত সহযোগিতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। আর এই বৈঠককে ঘিরেই আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে বড় কোনও ঘোষণা হয় কি না, সেদিকেই নজর। সূত্রের খবর, ভারত ও রাশিয়ার মধ্যে নতুন কোনও বড় প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। আর সেই আলোচনায় অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সু-৫৭।
বর্তমানে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে আগ্রহী ভারত। এই পরিস্থিতিতে মস্কোর তরফে শুধু যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব নয়, যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
রাশিয়ার সুখোই ডিজাইন ব্যুরোর তৈরি সু-৫৭ বিভিন্ন ধরনের আকাশ, স্থল এবং সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তৈরি। প্রতিকূল আবহাওয়া এবং ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও এর ব্যবহারের দাবি করা হয়। স্টেলথ প্রযুক্তির কারণে কম দৃশ্যমানতাও এই যুদ্ধবিমানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
তবে এখানেই শেষ নয়। ভারত যদি রাশিয়ার সঙ্গে নতুন করে বড় প্রতিরক্ষা চুক্তিতে যায়, তাহলে তার কৌশলগত তাৎপর্যও যথেষ্ট বড় হতে পারে। কারণ, দীর্ঘদিনের ভারত-রাশিয়া প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
আর সেই কারণেই দিল্লির মোদী-পুতিন বৈঠকের দিকে নজর আন্তর্জাতিক মহলের। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জন্যও এই বৈঠকের ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।
তবে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি বা সু-৫৭ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠকে আদৌ হয় কি না, তা এখনও স্পষ্ট নয়। সব নজর এখন ১১ সেপ্টেম্বরের মোদী-পুতিন বৈঠকের দিকে। সেখানে কী বার্তা দেন দুই রাষ্ট্রনায়ক, সেটাই ঠিক করতে পারে ভারত-রাশিয়া সম্পর্কের পরবর্তী অধ্যায়ের দিক।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







