বাঙালির বইপ্রেমের উৎসব এবার পা দিচ্ছে ঐতিহাসিক ৫০ বছরে। আর তার আগেই ঘোষণা হয়ে গেল ২০২৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ। সোমবার মিলন মেলায় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আগামী বছরের বইমেলা শুরু হবে ২২ জানুয়ারি, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
৫০তম বর্ষে পা দেওয়া কলকাতা বইমেলা যে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই মেলা পরিচালনা ও আয়োজনের জন্য রাজ্য সরকারের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রয়েছেন ২৪ জন সদস্য। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের প্রতিনিধিরাও রয়েছেন কমিটিতে।
এবারের বইমেলার যৌথ আয়োজক হিসেবে থাকছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ইজেডসিসি এবং ন্যাশনাল বুক ট্রাস্ট। আর ৫০তম বর্ষে মেলা আয়োজনের পদ্ধতিতেও আসছে একাধিক পরিবর্তন।
অভিযোগ রয়েছে, আগের সরকারের আমলে জাতীয়তাবাদী ও হিন্দুত্ববাদী বই প্রকাশকদের বইমেলায় জায়গা দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। এবার স্টল বণ্টনের ক্ষেত্রে আরও আধুনিক পদ্ধতি নেওয়ার কথা জানা গিয়েছে। অটোমেশন পদ্ধতিতে প্রকাশকরা স্টলের জন্য আবেদন করতে পারবেন। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বইমেলার মতো প্রযুক্তিনির্ভর পদ্ধতিতেই স্টল বণ্টনের পরিকল্পনা করা হয়েছে বলে খবর।
এদিকে, এবারের বইমেলার থিম কান্ট্রি নিয়েও শুরু হয়েছে জল্পনা। ইজরায়েলকে থিম কান্ট্রি করার সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য প্রয়োজন সরকারি অনুমোদন। সেই অনুমোদন না মিললে বন্দে মাতরমের সার্ধশতবর্ষ-কে সামনে রেখে থিম নির্ধারণ করা হতে পারে।
অন্যদিকে, বড় প্রশ্ন উঠছে বাংলাদেশ প্যাভিলিয়ন নিয়েও। গত দু’বছরের মতো এবারও কলকাতা বইমেলায় বাংলাদেশি স্টল বা প্যাভিলিয়ন থাকার সম্ভাবনা আপাতত কম বলেই জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে বলে খবর। তবে কমিটি এবং প্রকাশকদের একাংশের আপত্তি রয়েছে বলেও জানা গিয়েছে।
বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরেই বাংলাদেশ প্যাভিলিয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অর্থাৎ, ৫০তম বর্ষে কলকাতা বইমেলা হতে চলেছে একদিকে ঐতিহাসিক, অন্যদিকে একাধিক নতুন সিদ্ধান্ত ও বিতর্ককে ঘিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন নজর—২২ জানুয়ারি থেকে শুরু হওয়া সেই ঐতিহাসিক বই উৎসবে শেষ পর্যন্ত কী কী চমক অপেক্ষা করছে বইপ্রেমীদের জন্য।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







