অবশেষে স্বস্তির খবর। নেপালে শুটিং করতে গিয়ে আটকে পড়া অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় নিরাপদে কলকাতায় ফিরেছেন। বৃহস্পতিবারই খবর ছড়িয়েছিল, নেপালের পোখরা ও চিন সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকায় বাংলা ছবি ‘শিকারি’-র শুটিং করতে গিয়ে বিপাকে পড়েছে গোটা শুটিং টিম। দুর্যোগের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগে ছিলেন খরাজের পরিবার, অনুরাগী এবং টলিউডের সহকর্মীরা।
সম্প্রতি নেপালের রাসুয়া জেলা-সহ বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ হড়পা বান ও পাহাড়ি ধসের জেরে পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল হয়ে ওঠে। আচমকা জলস্তর বেড়ে যাওয়ার পাশাপাশি একাধিক জায়গায় ধস নামায় যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় বেশ কিছু রাস্তা, বিচ্ছিন্ন হয়ে যায় ফোন ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থা। সেই সময়েই নেপালে শুটিং করছিল ‘শিকারি’-র টিম।
খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সময় যোগাযোগ করা সম্ভব না হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছিল। তবে প্রথমে স্বস্তির খবর দেন খরাজ-পুত্র তমোঘ্ন, অর্থাৎ বিহু মুখোপাধ্যায়। তিনি জানান, তাঁর বাবা-মা দুজনেই নিরাপদ জায়গায় রয়েছেন এবং আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
এরপর বিপদসংকুল এলাকা থেকে বিকল্প পথে নেপাল ছাড়ে শুটিং টিম। শেষপর্যন্ত গোরখপুরে পৌঁছন খরাজ ও প্রতিভা। সেখান থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেন তাঁরা। শুক্রবার কলকাতা বিমানবন্দরে নামতেই অনুরাগী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে ভিডিও বার্তায় নিজের সুস্থতার কথা জানান অভিনেতা।
খরাজ বলেন, নেপালে শুটিং করতে গিয়ে সত্যিই বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। তবে সমস্ত বাধা পেরিয়ে অবশেষে তাঁরা গোরখপুরে পৌঁছতে সক্ষম হন। সেখান থেকেই বিমানে কলকাতায় ফিরে এসেছেন তিনি ও তাঁর স্ত্রী প্রতিভা।
নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বেশ কিছুদিন আটকে থাকার পর অবশেষে কলকাতায় খরাজ মুখোপাধ্যায়ের নিরাপদ প্রত্যাবর্তনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তাঁর পরিবার থেকে শুরু করে গোটা টলিউড মহল। এখন পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ‘শিকারি’ ছবির শুটিং শুরু করার প্রস্তুতি নেবে টিম।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







