কঙ্গনা রানাওয়াত মানেই যেন বিতর্কের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক। অভিনয় জগতের পাশাপাশি রাজনীতিতে পা রাখার পর সেই বিতর্কের মাত্রা আরও বেড়েছে। বর্তমানে মাণ্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সাংসদ হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক মন্তব্য ও ব্যক্তিগত মতামত নিয়ে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন তিনি। নিট কেলেঙ্কারির প্রতিবাদ থেকে শুরু করে কৃতি শ্যাননের বিজ্ঞাপনী পোশাক নিয়ে মন্তব্য, কিংবা বাবা রামদেবের সঙ্গে প্রকাশ্য বাদানুবাদ—বিভিন্ন ইস্যুতে তাঁর বক্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
তবে এবার নিজের রাজনৈতিক পরিচয়, অভিনয়জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে আরও স্পষ্ট অবস্থান জানালেন কঙ্গনা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, দলের সদস্য হলেও নিজের মতামত প্রকাশের অধিকার তিনি ছাড়বেন না। একইসঙ্গে কঙ্গনা স্পষ্ট করে দিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক দলের ‘হাতের পুতুল’ হয়ে থাকতে চান না।
কঙ্গনার কথায়, ব্যক্তিগত চিন্তাভাবনা এবং কোনও রাজনৈতিক দলের নীতিগত অবস্থানের মধ্যে মাঝে মাঝে পার্থক্য থাকতেই পারে। তিনি বলেন, ইচ্ছা করে দলের অবস্থানের বিরোধিতা করা তাঁর উদ্দেশ্য নয়। কিন্তু কোনও সংবেদনশীল বিষয়ে নিজের স্বাধীন মতামত প্রকাশ করা তাঁর স্বভাব। তাঁর দাবি, দীর্ঘ প্রায় ২০ বছরের অভিনয়জীবনের অভিজ্ঞতা তাঁর পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। ফলে মাত্র কয়েক বছরের রাজনৈতিক কেরিয়ার তাঁর ব্যক্তিসত্তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না।
কঙ্গনা আরও বলেন, বিজেপি আজ তাঁর পাশে রয়েছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। কিন্তু ব্যক্তি কঙ্গনার নিজস্ব মূল্যবোধ ও পরিচয় রয়েছে। সেই জায়গা থেকে তিনি কোনও নির্দেশিত পুতুল হয়ে কাজ করতে পারবেন না বলেই স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী-সাংসদ।
অন্যদিকে, রাজনীতিতে সক্রিয় থাকার পরও যে বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও অটুট, সেটাও জানিয়ে দিয়েছেন কঙ্গনা। তাঁর দাবি, বলিউডের একাধিক প্রথম সারির পরিচালক এখনও তাঁকে নিয়ে ছবি করতে আগ্রহী। এমনকি অনেকেই তাঁকে অভিনয় ছেড়ে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করেন বলেও জানিয়েছেন তিনি।
তবে ভবিষ্যতে রুপোলি পর্দায় ফিরলেও নিজের শর্তেই ফিরতে চান কঙ্গনা। কোনও বড় তারকার ছায়ায় থেকে কাজ করার ইচ্ছা তাঁর নেই। বিশেষ করে কোনও খান বা কুমার অভিনেতার বিপরীতে শুধুমাত্র নায়িকার ভূমিকায় নিজেকে আটকে রাখতে চান না তিনি। বরং নিজের বয়স ও অভিনয়-সত্তার সঙ্গে মানানসই চরিত্র এবং অভিনেতাদের সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন কঙ্গনা।
আগামী দশ বছরের পরিকল্পনা এখনই নির্দিষ্ট করে ফেলতে চান না তিনি। তবে নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে সৃজনশীল স্বাধীনতা বজায় রাখার পরিকল্পনা রয়েছে তাঁর। ফলে রাজনীতি ও অভিনয়—দুই ক্ষেত্রেই নিজের সিদ্ধান্ত এবং নিজস্ব পরিচয় বজায় রাখার বার্তাই এবার দিলেন কঙ্গনা রানাওয়াত। আর সেই বক্তব্য ঘিরেই ফের শুরু হয়েছে নতুন বিতর্ক।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







