বিরোধীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া অবস্থান অব্যাহত। একটি বিশেষ কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে ধর্মীয় স্বাধীনতা এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তিনি। শুভেন্দুর দাবি, ধর্মীয় অনুষ্ঠান পালনে সরকার কোনও হস্তক্ষেপ করবে না। বকরি ইদ থেকে নবী দিবস—সব অনুষ্ঠানই নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে হয়েছে। তবে দেশের বিরোধিতা বা রাষ্ট্রবিরোধী কোনও কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।
বাংলার রাস্তায় প্যালেস্তাইনের পতাকা দেখা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ধর্মীয় পতাকা বা জাতীয় পতাকা নিয়ে কোনও আপত্তি নেই, কিন্তু মিছিলের মধ্যে প্যালেস্তাইনের পতাকা কেন থাকবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এমন পতাকা নিয়ে মিছিলে অংশ নেওয়া কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান শুভেন্দু।
যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গেও এদিন ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, যাদবপুরে ‘আজাদি’ স্লোগান দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ ধরনের স্লোগানও বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। পাশাপাশি দেওয়ালে কিষেনজিকে নিয়ে ‘রেড স্যালুট’ লেখা হলেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে অবশ্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের একাংশের প্রশ্ন, কোন বক্তব্য দেশবিরোধী আর কোনটি গণতান্ত্রিক প্রতিবাদের অংশ—তার সীমারেখা নির্ধারণে সরকারের ভূমিকা কতটা হওয়া উচিত? তবে শুভেন্দুর স্পষ্ট বার্তা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ক্ষেত্রে তাঁর সরকার কোনওভাবেই নরম মনোভাব দেখাবে না।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







