সামনেই ভারতে বসতে চলেছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি আদৌ ভারতে আসবেন কি না, তা নিয়ে এখনও জল্পনা রয়েছে। এবার বিষয়টি নিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্যে কিছুটা স্পষ্ট হল ঢাকার অবস্থান।
বাংলাদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার হুমায়ুন কবির জানান, দুই দেশের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেই ভারত সফরে যেতে পারেন তারেক রহমান। অর্থাৎ, এখনই দিল্লি সফর নিয়ে বাংলাদেশের বিশেষ তাড়া নেই। একইসঙ্গে তিনি জানিয়েছেন, নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। তবে জাতীয় স্বার্থের সঙ্গে কোনও আপস করা হবে না।
কূটনৈতিক মহলের মতে, তারেকের ভারত সফরের সঙ্গে দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েনও জড়িয়ে রয়েছে। বিশেষ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ঘিরে দিল্লি-ঢাকার সম্পর্কে এখনও চাপ রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ তাঁর প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। ভারত জানিয়েছে, বাংলাদেশের অনুরোধ আইনানুগ প্রক্রিয়ায় বিবেচনা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে ঢাকা স্পষ্ট করে দিয়েছে—দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া পর্যন্ত এই সফর নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







