জাতীয় মহাকাশ দিবসে ভারতের মহাকাশ গবেষণার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার স্পেস স্টার্টআপগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ভারতের উদ্ভাবনী শক্তি, উচ্চাকাঙ্ক্ষা ও নতুন প্রযুক্তি তৈরির উদ্যোগের প্রশংসা করেন তিনি।
মোদী বলেন, মহাকাশ প্রযুক্তিকে শুধুমাত্র গবেষণা বা প্রচলিত ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান এবং জীবনযাত্রার মান উন্নত করতেও মহাকাশ প্রযুক্তির নতুন ব্যবহার খুঁজে বের করতে হবে।
ভারতের মহাকাশ অর্থনীতির ভবিষ্যৎ নিয়েও আশাবাদ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এমন সময় আসা উচিত, যখন বিশ্বের কোনও বড় মহাকাশ প্রযুক্তিগত সাফল্যের খবর সামনে এলেই আন্তর্জাতিক মহলের নজর চলে যাবে ভারতীয় স্টার্টআপগুলির দিকে।
পাশাপাশি মহাকাশ গবেষণায় স্টার্টআপ, মহাকাশ সংস্থা এবং বৃহত্তর প্রযুক্তি ক্ষেত্রের মধ্যে আরও বেশি সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সরকারি নীতির ধারাবাহিকতার উপর জোর দিয়ে মোদী বলেন, সরকারের সিদ্ধান্তের উপর স্টার্টআপগুলির যে আস্থা রয়েছে, তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিদেশে কাজ করা ভারতীয় পেশাদারদের দেশে ফিরে আসার প্রবণতাকেও ইতিবাচক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, মহাকাশ ক্ষেত্রে ভারতের সম্ভাবনা ক্রমশ বাড়ছে এবং আগামী দিনে বিশ্ব মহাকাশ অর্থনীতিতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







