প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। শুক্রবার দুপুরে পেটে তীব্র ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে যান তিনি। শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সত্তরোর্ধ্ব মীরা ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। শনিবার সকালে তাঁর কোলোনোস্কপি হওয়ার কথা রয়েছে।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই কাশি, শ্বাসকষ্ট এবং সামান্য পেটব্যথায় ভুগছিলেন মীরা ভট্টাচার্য। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শুক্রবারও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় তাঁর ফুসফুসে সংক্রমণের কথাও জানা গিয়েছে। তবে আপাতত উদ্বেগের কোনও কারণ নেই বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছে। বিশিষ্ট চিকিৎসক ডা. সৌপ্তিক পাণ্ডার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন মীরা ভট্টাচার্য।
মায়ের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই থাকছিলেন মীরা ভট্টাচার্য। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক মহল এবং শুভানুধ্যায়ীদের মধ্যে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







