best news portal development company in india

ভাঙড় বিস্ফোরণকাণ্ডে আরও চাপে শওকত মোল্লা, UAPA ধারা যোগ করল NIA

SHARE:

ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার বিস্ফোরণকাণ্ডে আরও চাপে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এই মামলায় এবার UAPA-এর ১৬ ও ১৮ ধারা যুক্ত করার আবেদন মঞ্জুর করল আদালত। শুক্রবার NIA-র তরফে এই আবেদন জানানো হয়েছিল।

NIA-র দাবি, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে বোমা তৈরি এবং বিস্ফোরণের ঘটনায় তদন্তে এমন কিছু তথ্য সামনে এসেছে, যার ভিত্তিতে UAPA ধারা প্রয়োগ জরুরি। NIA-র বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরী আদালতে এই আবেদন করেন।

চলতি বছরের ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তভার নেওয়ার পর শওকত মোল্লা-সহ চারজনকে গ্রেফতার করে NIA। নির্বাচনের ফল প্রকাশের পর শওকতকে খুঁজছিল তদন্তকারী সংস্থা। পরে সোনারপুরের কামালগাজি সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও পরিবারের দাবি ছিল, আত্মসমর্পণ করতে যাওয়ার সময়ই তাঁকে গ্রেফতার করা হয়।

ঘটনার ৮৭ দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করে NIA। সেখানে শওকত মোল্লাকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। NIA-র অভিযোগ, নির্বাচনের আগে ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় একজনের মৃত্যু এবং আরও একজন গুরুতর আহত হন।

তদন্তকারীদের দাবি, শওকত মোল্লার নির্দেশেই বোমা তৈরির কাজ চলছিল। বিস্ফোরণের পর পরিস্থিতি সামাল দেওয়ার জন্যও তাঁর ফোন থেকে এলাকায় একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তাঁর মোবাইল ফোন থেকে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলেও দাবি NIA-র।

এবার সেই মামলাতেই UAPA-র মতো কঠোর আইন যুক্ত হওয়ায় শওকত মোল্লার আইনি জটিলতা আরও বাড়ল। যদিও তদন্তকারী সংস্থার সমস্ত অভিযোগই আদালতে প্রমাণিত হওয়া এখনও বাকি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *