করোনা মহামারির সময় গঠিত PM CARES Fund-এ এখনও বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। প্রকাশ্যে এসেছে ২০২৪-২৫ অর্থবর্ষের অডিট রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত পিএম কেয়ার্স ফান্ডে মোট জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার ৪৫২ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৭ হাজার ৮৪৬ কোটি টাকা ফিক্সড ডিপোজিটে রাখা রয়েছে।
করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতির মধ্যে ২০২০ সালের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এই তহবিল তৈরি করা হয়েছিল। উদ্দেশ্য ছিল, কোভিডের মতো জাতীয় বিপর্যয়ের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি ত্রাণ ও সাহায্যের কাজে এই অর্থ ব্যবহার করা। তহবিল গঠনের পর দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি, সংস্থা এবং প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অনুদান জমা পড়ে।
সম্প্রতি PM CARES-এর ওয়েবসাইটে ২০২৪-২৫ অর্থবর্ষের অডিট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তহবিলে থাকা অর্থের একটি বড় অংশ বিভিন্ন সময় ত্রাণ ও জরুরি কাজে খরচ করা হয়েছে। তবে অব্যবহৃত অর্থের বড় অংশই বর্তমানে ফিক্সড ডিপোজিটে রাখা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, মোট তহবিলের প্রায় ৯৩ শতাংশ অর্থ ফিক্সড ডিপোজিটে রয়েছে, আর বাকি অর্থ বিভিন্ন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে রাখা হয়েছে।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ২০২৪-২৫ অর্থবর্ষে তহবিল থেকে খরচের পরিমাণ। ওই অর্থবর্ষে PM CARES থেকে মোট খরচ হয়েছে মাত্র ৮৭ লক্ষ ৮৫ হাজার টাকা। অর্থাৎ, বিপুল পরিমাণ অর্থ তহবিলে জমা থাকলেও ওই বছরে তার ব্যবহার তুলনামূলকভাবে অত্যন্ত কম হয়েছে।
অন্যদিকে, PM CARES থেকে DRDO এবং NHAI-এর মতো সংস্থাকে বিভিন্ন প্রকল্পের জন্য যে অর্থ দেওয়া হয়েছিল, তারও একটি অংশ অব্যবহৃত রয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩২৪ কোটি টাকা খরচ না হওয়ায় তা ফের PM CARES Fund-এ ফিরে এসেছে।
করোনা পর্বে তহবিল গঠনের পর সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। কোভিড মোকাবিলা, চিকিৎসা পরিকাঠামো, অক্সিজেন এবং অন্যান্য জরুরি পরিষেবায় সাহায্যের উদ্দেশ্যে দেশজুড়ে মানুষ এই তহবিলে অনুদান দিয়েছিলেন।
এখন অডিট রিপোর্টে বিপুল অর্থ জমা থাকার তথ্য সামনে আসায় ফের আলোচনায় PM CARES Fund। তহবিলে কত টাকা রয়েছে, কতটা বিভিন্ন খাতে ব্যবহার হয়েছে এবং অব্যবহৃত অর্থ কীভাবে রাখা হয়েছে—এই বিষয়গুলিই নতুন করে নজরে এসেছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







