শ্রাবণের শেষ সোমবার পুণ্যার্থীদের ভিড়ের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল তারাপীঠ। সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ তারাপীঠ থানার অদূরে পুকুরপাড়ে অবস্থিত ‘বিদিশিনি’ নামে একটি বেসরকারি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আচমকাই আগুন লাগে। সেই সময় হোটেলের অধিকাংশ আবাসিক ঘুমিয়ে থাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোটেলের ভিতর থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে স্থানীয়রা পুলিশ ও দমকলকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর পাশাপাশি হোটেলের ভিতরে আটকে পড়া আবাসিকদের উদ্ধারে নামে দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর হোটেলের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে দগ্ধ অবস্থায় অন্তত ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও দিনহাটা এলাকার বাসিন্দা। খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যরা তারাপীঠ ও রামপুরহাটের উদ্দেশে রওনা দেন। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান দমকলের। তবে আগুন লাগার সঠিক কারণ, তা দ্রুত ছড়িয়ে পড়ার কারণ এবং হোটেলের অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







