পশ্চিমবঙ্গের মাটিতে এবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে তৈরি হল নতুন বয়েজ হোস্টেল। শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা আইআইইএসটিতে ১,১০৬ জন ছাত্র থাকার মতো এই হোস্টেলটির নাম দেওয়া হয়েছে ‘ড. শ্যামাপ্রসাদ মুখার্জি হল’। রবিবার দুপুরে শিবপুর আইআইইএসটি ক্যাম্পাসে গিয়ে হোস্টেলটির উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একইসঙ্গে হোস্টেলটি ঘুরে দেখেন তিনি। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আইআইইএসটির প্রাক্তনী তথাগত রায়। উদ্বোধনের পর সুকান্ত মজুমদার বলেন, শিবপুর আইআইইএসটি ভারতের অন্যতম প্রাচীন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এবং প্রায় ১৭০ বছরের পুরনো এই প্রতিষ্ঠান থেকে বহু বিশিষ্ট শিক্ষাবিদ বেরিয়েছেন। তাঁর আশা, এই হোস্টেলে থেকে পড়াশোনা করে আগামী দিনে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বহু ছাত্র দেশের মুখ উজ্জ্বল করবে। মন্ত্রীর দাবি, আগে ছাত্রদের থাকার জন্য হোস্টেলে পর্যাপ্ত উন্নত ব্যবস্থা ছিল না। নতুন হোস্টেলের মাধ্যমে সেই সমস্যা অনেকটাই মিটবে। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হোস্টেলটির নামকরণ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু ডিগ্রি অর্জন নয়, চরিত্র গঠন, সমাজসেবা এবং দেশের সেবা করাই শিক্ষার মূল লক্ষ্য। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথাগত রায় বলেন, তাঁর জীবনের অন্যতম সেরা সময় কেটেছে এই প্রতিষ্ঠানে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে বয়েজ হোস্টেল তৈরির সাক্ষী হতে পেরে তিনি গর্বিত।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







