সংসদের রাজ্যসভায় বুধবার জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬ ধ্বনি ভোটে পাশ হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ‘বন্দে মাতরম’-কে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর মতোই আইনি সুরক্ষার আওতায় আনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। ফলে জাতীয় গানকে অবমাননা বা অসম্মান করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
বুধবার অধিবেশন শুরুর পরই বিরোধী সদস্যরা বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন। সেই আবহেই সরকার বিলটি উত্থাপন করে। পরে বিল নিয়ে আলোচনার সময় বিরোধী সদস্যদের একাংশ কক্ষত্যাগ করলে ধ্বনি ভোটে বিলটি পাশ হয়।
এই সংশোধনীর মাধ্যমে ১৯৭১ সালের জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনে পরিবর্তন আনা হয়েছে। এতদিন এই আইনে জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় সঙ্গীতের অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হলেও জাতীয় গান ‘বন্দে মাতরম’ তার অন্তর্ভুক্ত ছিল না। নতুন সংশোধনী কার্যকর হলে ‘বন্দে মাতরম’-ও একই ধরনের আইনি সুরক্ষা পাবে।
আইন অনুযায়ী, জাতীয় সম্মানের প্রতীকগুলিকে ইচ্ছাকৃতভাবে অবমাননা বা অসম্মান করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান থাকতে পারে। সংশোধনী পাশের ফলে ‘বন্দে মাতরম’-এর ক্ষেত্রেও একই আইনি ব্যবস্থা প্রযোজ্য হবে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







