প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে কলকাতা মেট্রোর ব্লু লাইনের প্রান্তিক স্টেশন ‘কবি সুভাষ’। ২০২৫ সালের ২৮ জুলাই স্টেশনের একটি পিলারে বড় ধরনের ফাটল ধরা পড়ার পরই নিরাপত্তার স্বার্থে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকেই সংস্কারের কাজ চলছে। ফলে নিউ গড়িয়া ও আশপাশের এলাকার যাত্রীদের প্রতিদিন শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মেট্রো ধরতে হচ্ছে, যা দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রথমদিকে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, সংস্কারের কাজ শেষ হতে ৮ থেকে ৯ মাস সময় লাগতে পারে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও কাজ এখনও সম্পূর্ণ হয়নি। ইতিমধ্যে স্টেশনের নতুন নকশা তৈরি হয়েছে এবং দক্ষিণেশ্বরমুখী নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজও শুরু হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, রেললাইন ও ছাউনি অপসারণের কাজও চলছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, কাজের অগ্রগতি এখনও প্রত্যাশিত গতিতে হয়নি। দক্ষিণেশ্বরমুখী নতুন প্ল্যাটফর্মের জন্য ৮০টি গভীর পাইলের মধ্যে এখনও মাত্র তিনটির কাজ শেষ হয়েছে। বর্ষার কারণে নির্মাণকাজও কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
ফলে, পুজোর আগেই স্টেশন চালু হওয়ার সম্ভাবনা কার্যত নেই। মেট্রো কর্তৃপক্ষের বর্তমান অনুমান অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিল বা মে মাসের আগে ‘কবি সুভাষ’ স্টেশন থেকে পুনরায় মেট্রো পরিষেবা শুরু হওয়া সম্ভব নয়।
সংস্কার শেষে স্টেশনটি সম্পূর্ণ নতুন রূপে যাত্রীদের সামনে আসবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে সেই নতুন চেহারা দেখতে যাত্রীদের এখনও বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







