best news portal development company in india

প্রায় ৮ ঘণ্টা ইডির জেরা শেষে বেরিয়ে এলেন মদন মিত্র, দুর্নীতির অভিযোগ অস্বীকার বিধায়কের

SHARE:

পৌরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বুধবার দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ তিনি ইডি দপ্তরে পৌঁছন। প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ৮টা নাগাদ তদন্তকারী সংস্থার দপ্তর থেকে বেরিয়ে আসেন তিনি।

জিজ্ঞাসাবাদ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র জানান, ইডি যে সমস্ত তথ্য ও নথি চেয়েছিল, সেগুলি তিনি তদন্তকারী আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন। তাঁর দাবি, তিনি বা তাঁর পরিবারের কোনও সদস্য পৌরনিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নন এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন।

বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার প্রসঙ্গেও এদিন প্রশ্ন করা হয় মদন মিত্রকে। জবাবে তিনি জানান, সম্পূর্ণ সচেতন সিদ্ধান্ত নিয়েই তিনি ওই রাজনৈতিক শিবিরে যোগ দিয়েছেন।

ইডি সূত্রের দাবি, টিটাগড় পুরসভায় আর্থিক লেনদেনের মাধ্যমে প্রায় ১২৫ জনকে চাকরি দেওয়ার অভিযোগের তদন্ত চলাকালীন মদন মিত্রের নাম সামনে আসে। এরপর তাঁর বাড়ি, বিধায়ক কার্যালয়সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। এই মামলায় এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

উল্লেখ্য, গত সপ্তাহে একই মামলায় ইডি দপ্তরে হাজিরা দেন মদন মিত্রের দুই ছেলে। পরে তাঁর স্ত্রী অর্চনা মিত্রকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। সেই ধারাবাহিকতায় বুধবার ফের দীর্ঘ সময় ধরে মদন মিত্রকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত এখনও চলমান এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও তাঁকে আবার তলব করা হতে পারে বলে তদন্তকারী সূত্রের ইঙ্গিত।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *