বীরভূমে ফের বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজার তথা আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে তদন্তকারী সংস্থা নগদ প্রায় ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করেছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে উদ্ধার হওয়া সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার জেরে পাথর ব্যবসার আড়ালে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তদন্তকারীদের দাবি, এই বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার উৎস খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে টুলু মণ্ডলের ব্যবসার আর্থিক লেনদেনও তদন্তের আওতায় আনা হয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনার মণ্ডল এলাকায় খুব বেশি পরিচিত মুখ ছিলেন না। অধিকাংশ বাসিন্দা তাঁকে টুলু মণ্ডলের একজন সাধারণ কর্মচারী হিসেবেই চিনতেন। তাঁর ছেলে চাকরিজীবী এবং মেয়ের বিয়েও এক শিক্ষকের সঙ্গে হয়েছে। ফলে এলাকায় তাঁর ভাবমূর্তি ছিল অত্যন্ত সাধারণ এবং বিতর্কহীন।
তবে স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে মিনার মণ্ডলের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছিল। জানা যায়, তিনি আগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় বাসচালক হিসেবে কর্মরত ছিলেন। প্রায় চার বছর আগে স্বেচ্ছাবসর নিয়ে টুলু মণ্ডলের ব্যবসার দায়িত্বে যোগ দেন। পরে রায়পুর এলাকার একটি ডুপ্লিকেট চালান রিসিপ্ট (ডিসিআর) গেটের দেখভালের দায়িত্বও তাঁর হাতে ছিল।
মহম্মদবাজার থানার ডেউচা বাসস্ট্যান্ড সংলগ্ন তাঁর বাড়ি বাইরে থেকে সাধারণ হলেও, তদন্তে সেখানে বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধারের ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। এক বাসিন্দার কথায়, গত কয়েক বছরে তাঁর আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন চোখে পড়েছিল, কিন্তু বাড়ি থেকে এত বিপুল সম্পদ উদ্ধার হবে, তা কেউ কল্পনাও করেননি।
উদ্ধার হওয়া অর্থ ও সোনার উৎস, সম্ভাব্য আর্থিক অনিয়ম এবং এই ঘটনায় আর কারা জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







