আন্তর্জাতিক ডেস্ক, ২৯ জুন ২০২৬: বাংলাদেশে নজিরবিহীন রাজনৈতিক পটপরিবর্তন এবং দীর্ঘ সংঘাতের পর আওয়ামী লিগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন আন্তর্জাতিক মহলে নানা জল্পনা, ঠিক তখনই দলের প্রত্যাবর্তন নিয়ে অত্যন্ত দৃঢ় ও আশাবাদী বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিকূল পরিস্থিতির কারণে হয়তো প্রক্রিয়াটিতে কিছুটা দেরি হচ্ছে, কিন্তু দলের কামব্যাক নিয়ে তিনি যে বিন্দুমাত্র সংশয়ে নেই, তা স্পষ্ট করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। বর্তমান পরিস্থিতিকে দলের এক অগ্নিপরীক্ষা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “সোনা যত পুড়বে, তত শক্ত হবে।”
মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে তীব্র আক্রমণ করে শেখ হাসিনা স্পষ্ট ভাষায় জানান যে, আওয়ামী লিগের রাজপথে বা ক্ষমতায় ফিরে আসা অন্য কারও ব্যর্থতা কিংবা দুর্বলতার ওপর মোটেও নির্ভর করে না। তিনি বলেন:
“মানুষের সঙ্গে থেকেই আওয়ামী লিগ চিরকাল নিজের পথ তৈরি করেছে। জনগণের অকুণ্ঠ সমর্থন সবসময় আমাদের সঙ্গে ছিল এবং আছে। ওই ক্ষমতাবলেই, যখন আমরা সরকারে ছিলাম, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নিরন্তর কাজ করেছি। বাংলাদেশ-বিরোধী শক্তি গভীর ষড়যন্ত্র করে এবং সুপরিকল্পিত উপায়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আওয়ামী লিগকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু সব কুৎসিত প্রচেষ্টা সত্ত্বেও মানুষের মন থেকে আওয়ামী লিগের নাম মুছে দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”
৭৭ বছরের ইতিহাস ও রাজনৈতিক অস্তিত্বের লড়াই:
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ডামাডোল এবং নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেন, ড. মহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অবৈধ, অসাংবিধানিক অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে প্রহসনের নির্বাচনে জয়ী বিএনপি সরকারের আমলে মানুষ আসলে প্রকৃত বাস্তবতা নিজের চোখে দেখতে পাচ্ছে। দেশের সাধারণ মানুষ এখন বুঝতে পারছেন যে ষড়যন্ত্রের শিকার কারা হয়েছেন।
আওয়ামী লিগকে একটি অবিনশ্বর শক্তি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “আওয়ামী লিগ কোনও কাগজে লেখা ঠুনকো প্রতিষ্ঠান নয়। এটা এমন একটা ঐতিহাসিক রাজনৈতিক শক্তি যা বাংলার মাটি, সাধারণ মানুষ ও ইতিহাসের রক্তের মধ্যে মিশে আছে।” তিনি মনে করিয়ে দেন যে, বিগত ৭৭ বছরের দীর্ঘ যাত্রাপথে আওয়ামী লিগের ওপর বহুবার আক্রমণ হয়েছে, দলের বহু নেতাকর্মীর রক্ত ঝরেছে এবং প্রতিবাদের কণ্ঠকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু প্রতিবারই ফিনিক্স পাখির মতো এই দল আবার উঠে দাঁড়িয়েছে কেবল জনগণের ভালোবাসার শক্তিতে। শেখ হাসিনার এই সাম্প্রতিক বার্তা অবরুদ্ধ ও বিপর্যস্ত হয়ে থাকা আওয়ামী লিগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে অক্সিজেন জোগাবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






