ক্রীড়া ডেস্ক, ২৯ জুন ২০২৬: দীর্ঘ ১৬ দিনের হাড্ডাহাড্ডি লড়াই এবং গ্রুপ পর্বের হেভিওয়েট যুদ্ধের অবসান ঘটল। ফুটবল বিশ্বের ৪৮টি দেশের শ্রেষ্ঠত্বের লড়াই এবার নেমে এল ৩২ দলের নক-আউট মহাযুদ্ধে। আমেরিকা, মেক্সিকো এবং কানাডার যৌথ উদ্যোগে আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপের (Fifa World Cup 2026) গ্রুপ পর্বের ম্যাচগুলি আজ শেষ হতেই নিশ্চিত হয়ে গেল কারা পা রাখল ‘রাউন্ড অফ ৩২’ (RO 32)-এ।
গ্রুপ ‘এ’ থেকে গ্রুপ ‘এল’ পর্যন্ত মোট ১২টি গ্রুপের পয়েন্ট তালিকার প্রথম দুটি স্থানে থাকা ২৪টি দল সরাসরি নক-আউটের টিকিট কেটেছে। এর পাশাপাশি দলগুলির ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিল নতুন নিয়ম, যেখানে ১২টি গ্রুপের মধ্যে সেরা ৮টি ‘তৃতীয় স্থানাধিকারী’ দলও শেষ ৩২-এ খেলার ছাড়পত্র পেয়েছে। এই রাউন্ড অফ ৩২ থেকেই শুরু হবে আসল অগ্নিপরীক্ষা, যেখান থেকে দলগুলি পৌঁছাবে যথাক্রমে রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং পরিশেষে মেগা ফাইনালে। এবারের টুর্নামেন্টে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় চমক আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে (Cabo Verde), যারা নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে আত্মপ্রকাশ করেই সরাসরি নক-আউটের টিকিট ছিনিয়ে নিয়ে ইতিহাস গড়েছে।
রাউন্ড অফ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচের সম্পূর্ণ সূচি:
২৯ জুন (সোমবার): আজ থেকেই শুরু হচ্ছে নক-আউটের ব্লকবাস্টার লড়াই। রাত সাড়ে ১০টায় জাপানের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের পাওয়ার হাউস ব্রাজিল। এর পর মধ্যরাত সাড়ে ১২টায় (৩০ জুন শুরুর প্রাক্কালে) মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অন্যতম আয়োজক দেশ কানাডা।
৩০ জুন (মঙ্গলবার): এদিন রয়েছে মোট ৩টি ম্যাচ। রাত ২টোয় জার্মানির বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামবে প্যারাগুয়ে। সকাল সাড়ে ৬টায় ফুটবলপ্রেমীদের নজর থাকবে নেদারল্যান্ডস বনাম মরক্কো দ্বৈরথের দিকে। এবং রাত সাড়ে ১০টায় নরওয়ের মুখোমুখি হবে আইভরি কোস্ট।
১ জুলাই (বুধবার): এই দিনেও ফুটবলপ্রেমীরা ৩টি ম্যাচের রোমাঞ্চ উপভোগ করবেন। রাত আড়াইটেয় মুখোমুখি হবে দুই ইউরোপীয় শক্তি ফ্রান্স ও সুইডেন। সকাল সাড়ে ৬টায় ঘরের মাঠের সুবিধা নিয়ে ইকুয়েডরের বিরুদ্ধে নামবে মেক্সিকো। এবং রাত সাড়ে ৯টায় ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ডি আর কঙ্গো।
২ জুলাই (বৃহস্পতিবার): এই দিন আয়োজিত হবে ২টি হাইপ্রোফাইল ম্যাচ। রাত দেড়টায় বেলজিয়ামের বিরুদ্ধে নামবে সেনেগাল। ভোর সাড়ে ৫টায় আরেক আয়োজক দেশ আমেরিকা মাঠে নামবে বসনিয়ার বিরুদ্ধে।
৩ জুলাই (শুক্রবার): উইকএন্ডের শুরুতে থাকছে ঠাসা সূচি, এদিন মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাত সাড়ে ১২টায় স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। ভোর সাড়ে ৪টেয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অগ্নিপরীক্ষায় নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর পর্তুগাল বাহিনী। সকাল সাড়ে ৮টায় আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড এবং রাত সাড়ে ১১টায় অস্ট্রেলিয়া লড়বে মিশরের বিরুদ্ধে।
৪ জুলাই (শনিবার): রাউন্ড অফ ৩২-এর শেষ দুটি ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে শেষ ১৬-র ভাগ্য। এদিন ভোর সাড়ে ৪টেয় ফুটবল রাজপুত্র লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে এই বিশ্বকাপের সবচেয়ে বড় ‘জায়ান্ট কিলার’ ও চমক জাগানো দল কেপ ভার্দে। এবং সকাল ৭টায় শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ঘানা।
গ্রুপ পর্বের সমীকরণ শেষে এখন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তদের চোখ উত্তর আমেরিকার স্টেডিয়ামগুলির দিকে, কারণ এখান থেকে একটা ছোট্ট ভুল মানেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন চিরতরে শেষ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






