কাজল মিত্র
শান্ত ও মনোরম মাইথন জলাধার এখন মদ্যপদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।রবিবার বিকেলে মাইথনের ‘ফায়ারিং স্পট’ এলাকায় মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হলেন দুই স্থানীয় নৌকা চালক। লাঠি এবং ‘মেটাল পাঞ্চ’ দিয়ে তাঁদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় মহলে।জানা গিয়েছে, রবিবার বিকেলে বহিরাগত একদল যুবক মাইথন জলাধারের ফায়ারিং স্পটে বসে মদ্যপান করছিল। শুধু মদ্যপানই নয়, মদ্যপ অবস্থায় অর্ধনগ্ন হয়ে তারা জলাধারে স্নান করতে নামে। এই অসভ্য আচরণের প্রতিবাদ করেন স্থানীয় দুই নৌকা চালক— জামসেদ আনসারী এবং নিজামুদ্দিন মিঞা উভয়েই কালীপাথরের বাসিন্দা।
প্রতিবাদ করতেই মদ্যপ যুবকরা উত্তেজিত হয়ে পড়ে এবং ফোন করে তাদের আরও কিছু সঙ্গীদের ঘটনাস্থলে ডেকে আনে। অভিযোগ,এরপরই কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই যুবকরা নৌকা চালকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।তাদের হাতে থাকা লাঠি-পাঞ্চ’ দিয়ে নৌকা চালকদের শরীরেও মাথায় আঘাত করা হয়।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এলে হামলাকারীরা চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় জামসেদ ও নিজামুদ্দিনকে উদ্ধার করে দ্রুত পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত নৌকা চালকদের অভিযোগ, ঘটনার সময় বারবার পুলিশকে ফোন করা হলেও কোনো রকম সাহায্য পাওয়া যায়নি।পরবর্তী সময়ে তারাই কল্যানেশ্বরী ফাঁড়িতে এসে অভিযোগ জানান।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায়, পর্যটন কেন্দ্র হিসেবে মাইথনের গরিমা নষ্ট হবে এবং স্থানীয়দের রুটিরুজিতে টান পড়বে।নিরাপত্তাহীন মাইথন কি তবে ধীরে ধীরে দুষ্কৃতীদের ডেরায় পরিণত হচ্ছে? উত্তরের অপেক্ষায় সাধারণ মানুষ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






