কলকাতা, ২৪ জুন: রাজনৈতিক ও আইনি টানাপোড়েনের আবহে এবার আরও বড়সড় আইনি জটিলতায় জড়াতে চলেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সদ্য সমাপ্ত ছাব্বিশের (২০২৬) বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে এক রাজনৈতিক জনসভা থেকে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে আগামী ৩০ জুন ভবানী ভবনে অভিষেকের গলার কণ্ঠস্বরের নমুনা (Voice Sample Test) পরীক্ষা করতে চলেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)।
নির্বাচনী প্রচার চলাকালীন একটি জনসভা থেকে বিরোধীদের নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন:
“আমি সবসময় উদারতায় বিশ্বাসী নয়। আইন সকলের জন্য এক। কিন্তু যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি বজায় রেখে এবার রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। কেউ শালীনতার মাত্রা ছাড়াবেন না। এমনভাবে ডিজে বাজবে যে কান ঝালাপালা হয়ে যাবে।”
তৎকালীন সময়ে তাঁর এই বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে রাজীব সরকার নামে এক ব্যক্তি বিধাননগর থানায় একটি লিখিত এফআইআর (FIR) দায়ের করেছিলেন। পরবর্তীতে নবান্নের সবুজ সঙ্কেত পেয়ে এই হাই-প্রোফাইল মামলার তদন্তভার নিজেদের হাতে নেয় সিআইডি।
সিআইডি সূত্রে জানা গেছে, এই মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক দফা জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। এছাড়াও ওই জনসভার বেশ কিছু ভিডিও ফুটেজ এবং ডিজিটাল নথি খতিয়ে দেখার পাশাপাশি একাধিক প্রত্যক্ষদর্শী ও সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। তবে ফরেনসিক রিপোর্টে ওই বিতর্কিত কণ্ঠস্বরটি হুবহু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই ছিল কি না, তা আইনগতভাবে ও বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতেই এই ভয়েস স্যাম্পল টেস্ট অত্যন্ত জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা। সেই কারণেই আগামী ৩০ জুন সিআইডির সদর দফতর ভবানী ভবনে অভিষেককে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে সমন পাঠানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, একদিকে নিউটাউনের অধিবেশনে ‘আসল তৃণমূল’ থেকে সাসপেনশন এবং অন্যদিকে সিআইডি-র এই সাঁড়াশি চাপ— সব মিলিয়ে ছাব্বিশের ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ এক চরম সঙ্কটের মুখে এসে দাঁড়িয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







