সোমবার ফের দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে নামছে INDIA জোট। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করার পরিকল্পনা নিয়েছেন বিরোধী নেতারা। কর্মসূচিতে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ একাধিক বিরোধী নেতার যোগ দেওয়ার কথা। আগের কর্মসূচিতে অনুপস্থিত থাকলেও এদিন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও যোগ দিতে পারেন বলে খবর।
গত সপ্তাহে নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন বিরোধী সাংসদরা। এরপর যন্তরমন্তর ও রাজঘাটেও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। এবার ভোটার তালিকা সংশোধন নিয়ে নিজেদের অভিযোগ এবং দাবিদাওয়া সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরতে চাইছে বিরোধী জোট।
প্রথমে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা থাকলেও, সেই আবেদন খারিজ করেছেন প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, এই ধরনের বিষয় যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আদালতে উত্থাপন করা উচিত। ফলে প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ ছাড়াই বিরোধীদের পরবর্তী পদক্ষেপ কী হবে, এখন সেদিকেই নজর।
অন্যদিকে, ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের অভিযোগের সঙ্গে একমত নয় নির্বাচন কমিশন। ফলে SIR প্রক্রিয়া, ভোটার তালিকার স্বচ্ছতা এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত আরও জোরালো হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







