best news portal development company in india

‘আরেকটা জাহাজবাড়ি করবেন না’, নন্দীগ্রামে দলীয় কর্মীদের সতর্ক করলেন শুভেন্দু

SHARE:

নন্দীগ্রামে জয়ের পর দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। রবিবার রেয়াপাড়ার একটি শারদ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কোনওভাবেই ঔদ্ধত্য বা অহংকার দেখানো চলবে না। তাঁর কথায়, এমন কোনও কাজ করা যাবে না, যাতে মানুষের মুখে আবার ‘জাহাজবাড়ি’ নিয়ে অভিযোগ শোনা যায়।

এদিন স্থানীয় বাসিন্দাদের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি নন্দীগ্রামের উন্নয়নের প্রতিশ্রুতিও দেন শুভেন্দু। তিনি বলেন, আজীবন নন্দীগ্রামের ভোটার হয়ে থাকবেন এবং এলাকার মানুষের জন্য কাজ করবেন। নতুন বিধায়ক হাসিরানি রথকে মানুষের সেবিকা হিসেবে কাজ করার বার্তাও দেন তিনি। প্রতিশ্রুতিগুলি ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন শুভেন্দু।

রাজনৈতিক মহলে শুভেন্দুর এই মন্তব্যকে দলীয় কর্মীদের দুর্নীতি ও তোলাবাজি থেকে দূরে থাকার সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে। নন্দীগ্রামের ‘জাহাজবাড়ি’ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক রয়েছে। বিরোধীদের অভিযোগ, তোলাবাজির টাকায় ওই বাড়ি তৈরি হয়েছিল। সেই অভিযোগের তদন্তে অতীতে সিআইডি-র তৎপরতার কথাও সামনে এসেছে।

অন্যদিকে, নতুন রাজনৈতিক সমীকরণে বিভিন্ন দলের নেতা-কর্মীদের বিজেপিতে যোগ দেওয়ার প্রবণতা নিয়েও দলের অন্দরে সতর্কতা রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের আস্থা বজায় রাখা এবং স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখার উপরেই জোর দিলেন শুভেন্দু। তবে ‘জাহাজবাড়ি’ প্রসঙ্গে তাঁর মন্তব্য কোনও নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে কি না, তা স্পষ্ট করেননি তিনি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *