best news portal development company in india

‘এক ব্যক্তি, এক পদ’ নীতি, পুরভোটের আগে বঙ্গ বিজেপিতে বড় সাংগঠনিক রদবদল

SHARE:

পুরসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদল করা হয়েছে। শুক্রবার সাতটি সাংগঠনিক জেলায় নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে—বারাসত, বনগাঁ, শ্রীরামপুর, আরামবাগ, মেদিনীপুর, বর্ধমান ও কাটোয়ায়। নতুনদের মধ্যে রয়েছেন দীপঙ্কর চক্রবর্তী, নৃপেন বিশ্বাস, শশী সিং, প্রশান্ত দিগার, সৌমেন তিওয়ারি, আশিস পাল ও মানিক রায়।

একইসঙ্গে বিজেপির যুব, মহিলা, ওবিসি ও এসসি মোর্চার নেতৃত্বেও পরিবর্তন এসেছে। আমতার বিধায়ক অমিত সামন্তকে যুব মোর্চার সভাপতি এবং অঞ্জনা বসুকে মহিলা মোর্চার সভানেত্রী করা হয়েছে। ওবিসি ও এসসি মোর্চাতেও নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে।

দলীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির আওতায় মন্ত্রী হওয়া কয়েকজন নেতাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, শঙ্কর ঘোষ এবং ইন্দ্রনীল খাঁ। ইন্দ্রনীল খাঁর জায়গায় যুব মোর্চার দায়িত্ব পেয়েছেন অমিত সামন্ত।

এছাড়াও যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে রাজ্য সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে। রাজ্য সংগঠনে আরও কয়েকটি পদে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠকের পরদিনই এই রদবদল হল। দলীয় সূত্রের বক্তব্য, আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখেই সংগঠনে এই পরিবর্তন করা হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *