আজ বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সলমন খান। ভক্তদের কাছে তিনি ‘ভাইজান’। একেকটি ছবির জন্য তাঁর পারিশ্রমিক কোটি কোটি টাকা। কিন্তু কেরিয়ারের শুরুতে প্রথম ছবিতে অভিনয় করে কত টাকা পেয়েছিলেন তিনি, জানেন কি?
সলমনের প্রথম উপার্জন ছিল মুম্বইয়ের তাজ হোটেলে একটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করে পাওয়া মাত্র ৭৫ টাকা। এরপর মডেলিং ও বিজ্ঞাপনের কাজের মাধ্যমে ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করেন তিনি। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সলমনের। ছবিতে রেখার দেওরের ভূমিকায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর সেই কাজের জন্যই তাঁর হাতে এসেছিল মাত্র ১১ হাজার টাকার একটি চেক।
তবে সলমনের কেরিয়ারের মোড় ঘুরে যায় পরের বছর। ১৯৮৯ সালে রাজশ্রী প্রোডাকশনের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে প্রথমবার নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। ‘প্রেম’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। জানা যায়, ছবিটির জন্য প্রথমে ৩১ হাজার টাকার চুক্তি হয়েছিল। ছবির অভাবনীয় সাফল্যের পর সলমনের পারিশ্রমিক বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়।
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভাইজানকে। ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘করণ অর্জুন’, ‘তেরে নাম’, ‘দাবাং’, ‘সুলতান’ থেকে ‘বজরঙ্গি ভাইজান’—একাধিক ছবিতে নিজের অভিনয় ও অ্যাকশন দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। পাশাপাশি ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবেও বিপুল জনপ্রিয়তা পেয়েছেন সলমন।
মাত্র ১১ হাজার টাকার পারিশ্রমিক দিয়ে শুরু—আর আজ বলিউডের অন্যতম বড় তারকা সলমন খান। তাঁর এই দীর্ঘ যাত্রা সত্যিই নজরকাড়া!
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







