শেষ মুহূর্তে বদলে গেল সমীকরণ। ব্রিকস লিডার্স সামিটে যোগ দিতে ভারতে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বেশ কয়েকদিন ধরেই তাঁর দিল্লি সফর নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন না তিনি।
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান। এরপর বিএনপির ফেসবুক পেজেও এ নিয়ে পোস্ট করা হয়।
বাংলাদেশ সরকারের বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ব্রিকস সামিটে আমন্ত্রণ জানানো হয়নি। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। আর সেই কারণেই শেষ পর্যন্ত তিনি ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফর করছেন না বলে জানানো হয়েছে।
শুধু প্রধানমন্ত্রী নন, বাংলাদেশের কোনও প্রতিনিধিও এবারের ব্রিকস সামিটে যোগ দেবেন না বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।
বিমস্টেক বা BIMSTEC হল বঙ্গোপসাগরকেন্দ্রিক সাত দেশের আঞ্চলিক জোট। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল এবং ভুটান—এই সাত দেশ এই জোটের সদস্য।
তবে ব্রিকস সামিটে তারেক রহমান না এলেও ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দরজা বন্ধ হচ্ছে না। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ভারত ও বাংলাদেশ—দুই দেশই তারেক রহমানের ভারত সফরের ব্যবস্থা করছে। অনুকূল পরিবেশ তৈরি হলে দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এর আগে জল্পনা ছড়িয়েছিল, চলতি বছরের নভেম্বরের শেষদিকে অথবা ডিসেম্বর মাসে ভারত সফরে আসতে পারেন তারেক রহমান।
ফলে ব্রিকস সম্মেলনে তাঁর দিল্লি সফর আপাতত বাতিল হলেও, আগামী দিনে দ্বিপাক্ষিক সফর ঘিরে নতুন করে নজর থাকছে ঢাকা ও দিল্লির দিকে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







