best news portal development company in india

বিধানসভায় বামেদের তীব্র ব্যঙ্গ শুভেন্দুর! বললেন, ‘মার্ক্স, লেনিন সম্পর্কে আপনাদের প্রচুর জ্ঞান’

SHARE:

বিধানসভায় দাঁড়িয়েই বামপন্থীদের তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মার্ক্স, লেনিন থেকে চে গুয়েভারা—বামেদের আদর্শ ও রাজনৈতিক দর্শন নিয়ে কার্যত ব্যঙ্গ করলেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে বিধানসভার অন্দরে তৈরি হল রাজনৈতিক উত্তাপ।

বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ হয় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’। নতুন বিলে বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রশাসনিক ব্যবস্থায় একাধিক পরিবর্তনের কথা তুলে ধরা হয়। তার মধ্যে অন্যতম শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত নিয়ম।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পুরনো আইনে এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষাকর্মীদের বদলির নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। নতুন বিলে সেই সুযোগ আনার কথা বলা হয়েছে।

এই বদলি প্রসঙ্গেই বামেদের নিশানা করেন শুভেন্দু। তিনি বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ে তথাকথিত পণ্ডিতদের পাঠানো হবে। তাঁরা গিয়ে দুর্বল বিশ্ববিদ্যালয়গুলিকে আরও শক্তিশালী করে তুলবেন।

এরপরই নাম না করে বামপন্থী আদর্শকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের এত জ্ঞান, এত আন্তর্জাতিক বুদ্ধি। কমরেড লেনিন, কমরেড মার্ক্স, চে গুয়েভারার কথা বলেন। কৃষকের রাজত্ব, শ্রমিকের রাজত্ব এবং সমাজবাদ প্রতিষ্ঠার কথা বলেন।

অধ্যাপকদের উদ্দেশে তাঁর বক্তব্য, সমাজতান্ত্রিক আদর্শের কথা যদি বলা হয়, তাহলে পুরনো বিশ্ববিদ্যালয় থেকে নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পাঠিয়ে তাঁদের মেধাকে কাজে লাগাতে আপত্তি কোথায়?

এদিন নতুন বিল নিয়ে আপত্তি জানায় বিরোধী শিবিরও। সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিলের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি তোলেন।

তবে বিলকে ঘিরে বিতর্কের পাশাপাশি মুখ্যমন্ত্রীর বামেদের উদ্দেশে করা এই রাজনৈতিক কটাক্ষই এখন বিধানসভার আলোচনার অন্যতম বিষয়। বিশ্ববিদ্যালয়ের বদলি নীতি থেকে মার্ক্স-লেনিন—বিধানসভায় এক বিলের আলোচনাই এদিন পৌঁছে গেল সরাসরি রাজনৈতিক সংঘাতে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *