চোরের ভয় তো সকলেরই থাকে! তাই দামি জিনিসপত্র নিরাপদে রাখতে মানুষ কত কিছুই না করেন। কেউ বাইক ঘরের ভিতর ঢুকিয়ে রাখেন, কেউ আবার গাড়ি রাখেন তালাবন্ধ গ্যারেজে। কিন্তু বিহারের এক ব্যক্তি যা করলেন, তা কার্যত নজিরবিহীন!
চোরের ভয়ে নিজের এসইউভি গাড়িটিকেই ক্রেন দিয়ে তুলে ফেললেন দোতলা বাড়ির ছাদে! অবিশ্বাস্য মনে হলেও এমনই একটি ঘটনার ভিডিও এবং ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘটনাটি বিহারের গোপালগঞ্জের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল একটি ক্রেনের সাহায্যে দড়ি দিয়ে ঝুলিয়ে একটি এসইউভিকে ধীরে ধীরে দোতলা বাড়ির ছাদের দিকে তোলা হচ্ছে। অত্যন্ত সাবধানে গাড়িটিকে ছাদের উপর নামিয়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, গাড়িটির মালিক গোপালগঞ্জের বাসিন্দা মনোজ যাদব। কর্মসূত্রে তিনি ইজরায়েলে থাকেন। তিনি বিদেশে থাকলে সাধারণত তাঁর চালকই গাড়িটির দেখভাল করেন। কিন্তু এবার চালকও গাড়িটি নিজের কাছে রাখতে রাজি হননি।
অন্যদিকে, দামি গাড়ি বাড়ির বাইরে রেখে বিদেশে যাওয়ার ঝুঁকিও নিতে চাননি মনোজ। আর তখনই মাথায় আসে অভিনব সমাধান! বড়সড় একটি ক্রেন ভাড়া করে গাড়িটিকেই তুলে দেওয়া হয় বাড়ির ছাদে।
ঘটনার ভিডিও সামনে আসতেই রীতিমতো চমকে গিয়েছে নেটপাড়া। কমেন্ট বক্স ভরে গিয়েছে মজার মজার মন্তব্যে। কেউ বলছেন, “গরিবের কাছে থাকে শান্তির ঘুম, দামি গাড়ি কিনলেই যত চিন্তা!”
আবার অনেকে মনোজ যাদবের সিদ্ধান্তকে সমর্থনও করেছেন। তাঁদের বক্তব্য, নিজের শখের এবং দামি জিনিস নিরাপদে রাখার জন্য এমন ব্যবস্থা করতেই পারেন তিনি।
তবে প্রশ্ন একটাই—গ্যারেজে গাড়ি রাখার বদলে যখন ছাদই হয়ে গেল পার্কিং স্পট, তখন গাড়িটিকে আবার নিচে নামানোর সময় কী হবে?
বিহারের এই অদ্ভুত কাণ্ড এখন তাই শুধুই গাড়ি পার্কিংয়ের গল্প নয়, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অফবিট কাণ্ডের ভাইরাল উদাহরণ!
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







