best news portal development company in india

তিলোত্তমা কাণ্ডে এবার কি শীতঘুম কাটবে CBI-এর?

SHARE:

তিলোত্তমা কাণ্ডে এবার কি সত্যিই শীতঘুম কাটবে CBI-এর? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নাগরিক মহলে। আর জি কর মামলার তদন্তে বারবার সময় লাগা এবং তদন্তের বিভিন্ন দিক নিয়ে এবার কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। ফলে দীর্ঘদিন ধরে চলতে থাকা এই মামলার তদন্ত এবার কোন দিকে এগোয়, সেদিকেই নজর সকলের।

কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে চলছে আর জি কর মামলার শুনানি। এর আগে একাধিকবার CBI-এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। গত ২৫ জুনের শুনানিতেও তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছিল। আদালতের নির্দেশ ছিল, তদন্তে যে সমস্ত খামতি ও অসঙ্গতি রয়েছে, সেগুলি চিহ্নিত করে নতুন করে খতিয়ে দেখতে হবে। এমনকী, নবগঠিত SIT-এ পুরনো তদন্তকারী আধিকারিকদের রাখা যাবে না বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছিল।

এরপর ৬ অগস্টের শুনানিতেও ফের CBI-কে প্রশ্নের মুখে পড়তে হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, তদন্তে যখন একাধিক খামতি ও অসঙ্গতির কথা রিপোর্টেই উঠে এসেছে, তাহলে সেগুলি খুঁজে বের করতে এত সময় লাগছে কেন? বিচারপতি শম্পা সরকারও জানতে চান, ঘটনার রাত থেকে শেষ পর্যন্ত ঠিক কী কী ঘটেছিল, তা নতুন করে খতিয়ে দেখা হয়েছে কি না। একইসঙ্গে তাঁর প্রশ্ন ছিল, মানুষ বিচারের অপেক্ষায় আর কতদিন থাকবে?

শুক্রবার ফের এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে, এদিন রুদ্ধদ্বার শুনানি হয়েছে। তিলোত্তমার মা তথা পানিহাটির বিধায়ককেও শুনানিতে অংশ নিতে দেওয়া হয়নি। তাঁকে আদালতের বাইরে অপেক্ষা করতে হয়। শুনানি শেষে জানা যায়, তদন্ত শেষ করার জন্য CBI-এর পক্ষ থেকে আরও চার সপ্তাহ সময় চাওয়া হয়েছিল। কিন্তু সেই আবেদন গ্রহণ করেনি আদালত।

বরং তদন্ত দ্রুত শেষ করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ফলে এবার আর সময়ের অজুহাত দেখিয়ে তদন্ত দীর্ঘায়িত করার সুযোগ কতটা থাকবে, তা নিয়েই প্রশ্ন উঠছে। তিলোত্তমা কাণ্ডে দীর্ঘদিন ধরে বিচার ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব বিভিন্ন মহল। আদালতের এই কড়া অবস্থানের পর এবার তদন্তে গতি আসে কি না, সেটাই দেখার।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *