best news portal development company in india

ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া মন্তব্য মমতার

SHARE:

আবারও রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে একের পর এক কড়া মন্তব্য করলেন তিনি। শুক্রবার বিড়লা তারামণ্ডলের সামনে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ছাত্র-যুবদের আন্দোলনের পথে নামার বার্তা দেন মমতা।

মমতা বলেন, ছাত্র-যৌবনকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। প্রয়োজনে জেলে যেতে হবে, এমনকী এক মাস জেলের ভাতও খেতে হতে পারে। কিন্তু বিজেপির সঙ্গে আপস করা যাবে না। তাঁর কথায়, “জেলে যাবেন, এক মাস জেলের ভাত খাবেন। কিন্তু বিজেপির ভাত খাবেন না।”

এরপরই বিজেপি এবং সরকারের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক সুর শোনা যায় তৃণমূল নেত্রীর গলায়। তিনি অভিযোগ করেন, তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। সেই প্রসঙ্গে তিনি জানান, আইনি লড়াই চালিয়ে যাবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টের পর আন্তর্জাতিক আদালতেও যাওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি যাঁরা তাঁর দলের কর্মীদের বিরুদ্ধে অত্যাচার করছেন, তাঁদেরও ভবিষ্যতে জবাবদিহির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন মমতা।

শুক্রবারের মঞ্চ থেকেই নিজের আগামী রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিতও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, খুব শীঘ্রই জেলা সফরে বেরোবেন তিনি। কোথাও তাঁর কর্মসূচির অনুমতি না দেওয়া হলে রাস্তায় নেমেই মানুষের সঙ্গে যোগাযোগ করবেন বলে দাবি করেন মমতা। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক আন্দোলনের জন্য বারবার পুলিশের অনুমতির প্রয়োজন কেন হবে?

এদিন পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মিছিল বা সভার অনুমতি নিয়ে প্রশাসনের সঙ্গে টানাপোড়েনের প্রসঙ্গে মমতা বলেন, পুলিশ অনুমতি না দিলে এবার তিনি জনগণের অনুমতি নেবেন। তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

মমতা আরও দাবি করেন, কয়েকজন বিধায়ক বা সাংসদ তাঁর সঙ্গে না থাকলেও বাংলার সাধারণ মানুষ এখনও তাঁর পাশে রয়েছেন। ছাত্র-যুবদের উদ্দেশে তাঁর বার্তা, রাজনৈতিক লড়াই থেকে পিছিয়ে গেলে চলবে না। ফলে ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের মঞ্চ থেকেই যে তিনি ফের সরাসরি রাজনৈতিক আন্দোলনের পথে নামার প্রস্তুতি নিচ্ছেন, তা স্পষ্ট বলেই মনে করছে তৃণমূলের একাংশ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *