দীর্ঘদিন পর রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার যাদবপুরে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, শীঘ্রই ছাত্র সংসদের নির্বাচন হবে। একইসঙ্গে তাঁর দাবি, নির্বাচনের পর কলেজে কলেজে গেরুয়া আবির উড়বে এবং সর্বত্রই জয়ী হবে এবিভিপি।
দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন না হওয়া নিয়ে বিরোধীদের তরফে অভিযোগ উঠছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর ছাত্রভোট ফেরানোর দাবি আরও জোরালো হয়। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের ঘটনাও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।
এই আবহেই শুক্রবার ছাত্রভোট নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “শিগগিরই ছাত্র সংসদের নির্বাচন হবে। কলেজে কলেজে গেরুয়া আবির উড়বে।” যাদবপুরের সাম্প্রতিক অশান্তির পর এবিভিপিও দ্রুত নির্বাচন করানোর দাবি জানিয়েছিল। তাদের অভিযোগ, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ছাত্র সংসদে গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে রয়েছে।
অন্যদিকে, বিরোধীদের একাংশের দাবি, ছাত্রভোটে কে জিতবে তা আগে থেকেই ঘোষণা করে দেওয়া গণতান্ত্রিক পরিবেশের পক্ষে উদ্বেগের বিষয়। তাঁদের প্রশ্ন, নির্বাচন যদি অবাধ ও গণতান্ত্রিক হয়, তাহলে ফলাফল নিয়ে আগাম এমন মন্তব্য কেন? ফলে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







