বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর শিল্পপতি গৌতম আদানি নাকি ১০ লক্ষ টাকার মিষ্টি বিতরণ করেছিলেন—এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমের বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আদানির সঙ্গে তাঁর কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু জানান, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিন অর্থাৎ ৫ মে তাঁকে ফোন করেছিলেন গৌতম আদানি। সেই ফোনালাপের প্রসঙ্গেই আদানি নাকি তাঁকে জানিয়েছিলেন, বাংলায় রাজনৈতিক পালাবদলের পর তিনি ১০ লক্ষ টাকার মিষ্টি বিতরণ করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, আদানি তাঁকে বলেছিলেন, “আমরা আজ গর্বিত ভারতীয়। দেশ বেঁচে গেল। কাল ১০ লাখ টাকার মিষ্টি বিতরণ করেছি।”
তৃণমূল সরকারের আমলে একাধিকবার বাণিজ্য সম্মেলন হলেও বাংলায় প্রত্যাশিত শিল্প বিনিয়োগ আসেনি বলেও এদিন দাবি করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, সরকার বদলের পর পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। ইতিমধ্যেই বাংলায় বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী। রাজ্যে একাধিক প্রকল্প নিয়ে তাদের তৎপরতা বেড়েছে বলেও দাবি করেন তিনি।
পালাবদলের পর করণ আদানির বাংলায় আসা এবং দাদনপাত্রবাড়ের গভীর সমুদ্রবন্দর প্রকল্পের জমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা মেটার প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। পাশাপাশি নিউটাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে হাসপাতাল তৈরির কাজের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নতুন সরকারের আমলে বাংলায় শিল্প ও বিনিয়োগের পরিবেশ নিয়ে শিল্পপতিদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







