যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-তে ভর্তি নিয়ে এবার গুরুতর অনিয়মের অভিযোগ তুলল এবিভিপি। তাদের দাবি, ওয়েটিং লিস্টে পিছনে থাকা একাধিক নামকে পরিকল্পিতভাবে মেধাতালিকার উপরে নিয়ে আসার চেষ্টা হয়েছে। এই অভিযোগের নিশানায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য এবং জুটার একাধিক সদস্য। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে এবিভিপি দাবি করে, আর্টস ফ্যাকাল্টিতে পিএইচডি ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এবিভিপির আরও অভিযোগ, রাজনৈতিক যোগসূত্র থাকা ব্যক্তিদের সুবিধা করে দিতেই কি এই ব্যবস্থা? কতজনকে এইভাবে ভর্তি করানো হয়েছে এবং এর বিনিময়ে আর্থিক লেনদেন হয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছে তারা। বিষয়টি নিয়ে নতুন করে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
যদিও এবিভিপির সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করেছে জুটা। সংগঠনের সভাপতি অধ্যাপক পার্থপ্রতিম রায় দাবি করেন, পিএইচডি-তে ভর্তির নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সেই নিয়ম মেনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। পার্থপ্রতিম রায়ের বক্তব্য, অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে আদালতের দ্বারস্থ হতে পারে এবিভিপি। প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







