best news portal development company in india

চিনের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে বৈঠক, বেজিং যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

SHARE:

চিনের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিবাদ এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LAC নিয়ে আলোচনায় বসতে সোমবার বেজিংয়ের উদ্দেশে রওনা হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

দুই দেশের সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে ২০০৩ সালে ‘স্পেশাল রিপ্রেজেন্টেটিভ’ কাঠামো তৈরি হয়েছিল। দীর্ঘদিনের আলোচনার পরেও সীমান্ত বিবাদের স্থায়ী সমাধান হয়নি। এবার সেই কাঠামোর আওতায় ২৫তম দফার আলোচনায় অংশ নেবেন ডোভাল। মূল লক্ষ্য, সীমান্তে উত্তেজনা কমানো এবং দুই দেশের মধ্যে যোগাযোগের পথ আরও মজবুত করা।

ডোভালের এই সফর এমন সময়ে হচ্ছে, যখন অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকা নিয়ে চিনের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ উঠেছে। একইসঙ্গে LAC সংলগ্ন চিন-অধিকৃত তিব্বতের ২৭টি এলাকার নাম পরিবর্তন করে নতুন মানচিত্র প্রকাশ করেছে ভারত। কেন্দ্রের দাবি, অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে পরামর্শ করেই নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ওই এলাকাগুলির নাম চিহ্নিত করা হয়েছে।

ভারত ও চিনের মধ্যে প্রায় ৩৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্ত নিয়েই দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বিরোধ। সীমান্তে একাধিকবার উত্তেজনা তৈরি হলেও উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়েছে দুই দেশ।

এই পরিস্থিতিতে ডোভালের বেজিং সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রেও এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *